© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩২ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের মধ্যে ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। একদিকে মার্কিন কর্মকাণ্ডের কারণে ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। অন্যদিকে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলায় হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে ইরান।

তেহরানের দাবি, অবরোধ প্রত্যাহার না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। এমনকি ইরানের আশপাশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার বিষয়টিও আলোচনায় রয়েছে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবির বিষয়ে ইরানের বিচার বিভাগের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বিচার বিভাগের আইনজীবী বিষয়ক কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করা মামলায় দেশের আদালতগুলো থেকে আমরা ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ নেয়ার পক্ষে রায় পেয়েছি।’

তিনি আরও জানান, ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেয়ার অভিযোগে উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য এই ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

এদিকে পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলায় হাতে থাকা ‘সব ধরনের উপায়’ ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গত ১৩ এপ্রিল ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে তেহরানের সঙ্গে একটি খসড়া সমঝোতায় পৌঁছানোর পর জুনে তা তুলে নেয়া হয়। তবে ওই সমঝোতা ভেঙে পড়লে ১৪ জুলাই আবারও অবরোধ আরোপ করা হয়।

সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আমরা অবশ্যই এসব কর্মকাণ্ড মেনে নেব না। যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় আমাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করব।’

তিনি আরও বলেন, ‘মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ ও নৌ অবরোধ হিসেবে বর্ণনা করছে, সেগুলো নিঃসন্দেহে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন।’

বাঘাই বলেন, ‘এ পরিস্থিতিতে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য ইরান তার হাতে থাকা যেকোনো উপায় ব্যবহারের অধিকার রাখে।’

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন।

এরপর পুরো অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়লে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হয়। আর এই সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করে দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে ইরান।

মূলত হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা থেকে ইরানকে বিরত রাখতে দেশটির বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করে ওয়াশিংটন। পাশাপাশি ইরানে স্থলপথে পণ্য পরিবহন ব্যাহত করতে একটি বিশেষ টাস্কফোর্সও গঠন করা হয়।

গত কয়েক সপ্তাহে ইরানের সামরিক বাহিনী একাধিকবার জানিয়েছে, তেহরানের নিষিদ্ধ ঘোষিত নৌপথ ব্যবহার করতে গিয়ে কয়েকটি জাহাজে আগুন লেগেছে।

তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা রেসুল সেরদার আতাস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান। তিনি বলেন, ‘ইরানিরা বিষয়টি জানেন এবং প্রকাশ্যেই তা স্বীকার করছেন। কারণ, দেশটির মোট আমদানি ও রপ্তানির ৮০ শতাংশের বেশি পণ্য হরমুজ প্রণালি অথবা দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলো দিয়ে পরিবহন করা হয়।’

আল জাজিরার এই সংবাদদাতা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অবসান ঘটাতে এখন ক্রমেই বিকল্প পথ খুঁজছে ইরানিরা।’ তিনি জানান, ইরানের আশপাশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টিও আলোচনায় রয়েছে।

রেসুল সেরদার আতাস বলেন, ‘এ মুহূর্তে উত্তেজনা আরও বাড়ানোই আলোচনার টেবিলে থাকা প্রধান বিকল্প।’ অন্যদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা এখনো স্থবির হয়ে আছে। বিশেষ করে জুনের সেই সমঝোতা ভেঙে পড়ার পর পরিস্থিতির আর অগ্রগতি হয়নি। ওই সমঝোতায় স্থায়ীভাবে সংঘাতের অবসানের রোডম্যাপ তুলে ধরা হয়েছিল।

ইরান জানিয়েছে, ওয়াশিংটন তাদের শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব। এসব শর্তের মধ্যে রয়েছে- যুদ্ধ বন্ধ করা, নৌ অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা তুলে নেয়া।

বাঘাই বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি পূরণ করে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালি ও পুরো অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

এসএ

মন্তব্য করুন