শুধু চিকিৎসাকেন্দ্রিক নয়, প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
০২:২১ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬
চিকিৎসাকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থার পাশাপাশি প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেছেন, দেশে ডায়াবেটিসের প্রকৃত চিত্র জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী একটি পূর্ণাঙ্গ জাতীয় জরিপ পরিচালনা এবং চলতি বছর থেকেই ২০ থেকে ২৫টি উপজেলায় সমন্বিত স্বাস্থ্যসেবার পাইলট প্রকল্প চালু করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলা ভাষায় খাদ্যবিষয়ক প্রথম পূর্ণাঙ্গ মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ধারা নিউজ আয়োজিত ‘আজকের সতর্কতা, আগামীর সুস্থতা: ডায়াবেটিস মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকটি সঞ্চালনা করেন ধারা নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীম। গোলটেবিল বৈঠকের টাইটেল স্পন্সর ফিটব্যাক রিসেট, স্ট্র্যাটেজিক পার্টনার বসুন্ধরা মেডিকেল সিটি ও সহযোগিতায় ছিল আরমানি প্রপার্টিজ লিমিটেড।
প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ মুহিত বলেন, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং সঠিক পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে। অথচ আক্রান্তদের প্রায় ৪০ শতাংশই জানেন না যে তাঁদের ডায়াবেটিস আছে। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বা ৩ কোটিও হতে পারে। প্রতি বছর প্রায় ৩১ হাজার মানুষ এ রোগে অকালে মৃত্যুবরণ করছেন, যা ২০ থেকে ৭৯ বছর বয়সী মানুষের মোট মৃত্যুর ৫ শতাংশ। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, প্রতি পাঁচজনে মাত্র একজন (২০ থেকে ২৮ শতাংশ) রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে; বাকি ৮০ শতাংশই অনিয়ন্ত্রিত, অনির্ণীত কিংবা চিকিৎসা অনুসরণে পিছিয়ে আছেন।
চক্ষুবিজ্ঞানে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণে বহু মানুষ অন্ধত্ব বরণ করলেও এ বিষয়ে দেশে কোনো সুনির্দিষ্ট জাতীয় জরিপ নেই।
একইভাবে নিউরোপ্যাথি ও নেফ্রোপ্যাথির ফলে কিডনি ও স্নায়ুর জটিলতা বাড়ছে। একজন মানুষের ডায়াবেটিস প্রতিরোধ করতে না পারার অর্থ হলো, রাষ্ট্র ও স্বাস্থ্যব্যবস্থার ওপর সারাজীবন তাঁর চিকিৎসা ও পঙ্গুত্বের বোঝা চেপে যাওয়া। তাই ডায়াবেটিসের প্রকৃত ব্যাপ্তি, রোগীদের সেবা গ্রহণের আচরণ এবং বৈশ্বিকভাবে তুলনাযোগ্য তথ্য পেতে জাতীয় জরিপ ও মানসম্মত গবেষণা জরুরি।
উপজেলা পর্যায়ের এনসিডি কর্নারগুলোকে মানুষের আস্থার কেন্দ্র উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, গ্রামে গিয়ে তিনি দেখেছেন এসব কর্নার সাধারণ মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। কোটি কোটি মানুষকে অকালমৃত্যু এবং চিকিৎসা ব্যয়ের চাপে দারিদ্র্য বা পঙ্গুত্ব থেকে বাঁচানোর কেন্দ্র হতে পারে এনসিডি কর্নার। তবে বর্তমানে সেখানে মাত্র ৩০০ কোটি টাকার ওষুধ দেওয়া হচ্ছে, যা অত্যন্ত অপ্রতুল। এই বরাদ্দ ন্যূনতম ৩ থেকে ৫ হাজার কোটি টাকায় উন্নীত করা এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
নীতি ও বাস্তবায়ন পর্যায়ে সমন্বয়ের অভাব ও কাজের পুনরাবৃত্তি দূর করতে চলতি বছর থেকেই দেশের বিভিন্ন বৈশিষ্ট্যের ২০ থেকে ২৫টি উপজেলায় সমন্বিত পাইলট প্রকল্প শুরুর ঘোষণা দেন ড. এম এ মুহিত।
তিনি বলেন, এই প্রকল্পের আওতায় এনসিডি কর্নার শক্তিশালীকরণের পাশাপাশি কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং, চক্ষুস্বাস্থ্য ও অন্ধত্ব প্রতিরোধ, প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী চিকিৎসাসেবা এবং নারীস্বাস্থ্য সেবাকে একীভূত করা হবে।
দেশের চারটি বিভাগীয় শহরে চারটি সমন্বিত নারীস্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, নারীস্বাস্থ্য মানে শুধু মাতৃস্বাস্থ্য নয়; ক্যানসার, কিডনি, চক্ষু ও ডায়াবেটিসসহ নারীর সামগ্রিক স্বাস্থ্যসেবাকে এক ছাতার নিচে এনে উপজেলা পর্যায়ের সঙ্গে যুক্ত করতে হবে।
একই হাসপাতালে ডায়াবেটিস রোগী নিয়মিত এলেও পাশের চক্ষু বিভাগে রেটিনোপ্যাথি পরীক্ষার জন্য পাঠানো হয় না— এমন সমন্বয়হীনতা দূর করে নিয়মতান্ত্রিক স্ক্রিনিং চালুর ওপরও জোর দেন তিনি।
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ২০২৫ সালে সব মন্ত্রণালয়কে নিয়ে গৃহীত বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, একদিকে খাদ্যে ভেজাল, অন্যদিকে ডায়ালাইসিস মেশিন কেনার চিন্তা—দুটিই এক সূত্রে গাঁথা। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং প্রাক-প্রাথমিক ও স্কুল পর্যায় থেকে পাঠ্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে সঠিক জীবনযাপনের ছোট ছোট অভ্যাস গড়ে তুলতে খাদ্য, কৃষি, শিক্ষা, বাণিজ্য, শিল্প এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করতে হবে।
বড় বয়সে অভ্যাস বদলানো কঠিন উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই পরিচ্ছন্নতা, খেলাধুলা ও ঢাকা শহরে খেলার মাঠ তৈরির ওপর জোর দিয়ে আচরণগত পরিবর্তনের উদাহরণ তৈরি করছেন।
চব্বিশ-পরবর্তী বাংলাদেশে একে অপরকে দোষারোপ না করে তথ্যভিত্তিক সমাধানের পথে এগোনোর সংস্কৃতিকে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
বৈঠকে ‘বাংলাদেশে ডায়াবেটিসের বর্তমান চিত্র: ঝুঁকি, কারণ ও করণীয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) প্রেসিডেন্ট-ইলেক্ট ডা. শাহজাদা সেলিম।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৪ সালের হিসাব তুলে ধরে তিনি জানান, দেশে প্রাপ্তবয়স্কদের (২০ থেকে ৭৯ বছর) মধ্যে ডায়াবেটিসের হার ১৩ দশমিক ২ শতাংশ, যা বিশ্বে সপ্তম ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ। দেশে বছরে ৩১ হাজার ৬২০ জন ডায়াবেটিসজনিত কারণে মারা যাচ্ছেন এবং প্রায় ৫৪ লাখ (৩৯ দশমিক ১ শতাংশ) রোগী এখনো শনাক্তের বাইরে রয়েছেন।
দেশব্যাপী পূর্ণাঙ্গ জরিপ না থাকায় প্রকৃত চিত্র মারাত্মকভাবে কম দেখানো হচ্ছে বলে মন্তব্য করেন ডা. শাহজাদা সেলিম।
তিনি বলেন, ২০১৮ সালে জাতীয় জরিপের পর পাকিস্তানে ডায়াবেটিসের হার ৩০ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছিল। বাংলাদেশে ২০১১ থেকে ২০২২ সালের জাতীয় জরিপের (বিডিএইচএস) একটি বিশ্লেষণে ২০২২ সালেই প্রাদুর্ভাব ২০ দশমিক ৪ শতাংশ পাওয়া গেছে—যা ২০১১ সালের তুলনায় ৯০ দশমিক ৭ শতাংশ বেশি। এই সময়ে নারীদের মধ্যে আক্রান্তের হার ২২ শতাংশ ও পুরুষদের ১৮ দশমিক ৭ শতাংশ ছিল; আর অঞ্চলভেদে সবচেয়ে বেশি বেড়েছে খুলনায় (১৬৮ দশমিক ৬ শতাংশ) ও ঢাকায় (১৫৪ দশমিক ৫ শতাংশ)। অন্যদিকে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ২০২২ সালের তথ্য অনুযায়ী, দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা ইতিমধ্যেই ২ কোটি ছাড়িয়েছে। তিনি সতর্ক করে বলেন, মোট রোগীর সংখ্যা শহরে ও ধনীদের মধ্যে বেশি হলেও রোগী বৃদ্ধির হার এখন শহরের চেয়ে গ্রামে এবং ধনীদের চেয়ে স্বল্প আয়ের মানুষের মধ্যে বেশি।
কম বয়সীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে ডা. শাহজাদা সেলিম জানান, দেশের মোট টাইপ-২ ডায়াবেটিস রোগীর ২ শতাংশের বয়স ১৬ বছরের কম এবং ৪ শতাংশের বয়স ২০ বছরের নিচে যা যেকোনো উন্নত দেশের জন্য অকল্পনীয়।
তিনি বলেন, ৫০ বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়লে পুরুষের সাড়ে ৬ বছর ও নারীর সাড়ে ৫ বছর আয়ু কমে যায়; আর উদাসীন থাকলে তা ১০ থেকে ১২ বছর পর্যন্ত কমতে পারে। দেশে মোট রোগীর মাত্র ৩০ দশমিক ৯ শতাংশ সচেতন ও ২৮ দশমিক ২ শতাংশ চিকিৎসাধীন রয়েছেন; যেখানে সচেতনতা (২৪ দশমিক ৫ শতাংশ বনাম ৩৫ শতাংশ) ও চিকিৎসায় (২২ দশমিক ১ শতাংশ বনাম ৩২ দশমিক ১ শতাংশ) নারীদের চেয়ে পুরুষেরা পিছিয়ে আছেন। চিকিৎসাধীনদের মধ্যেও নিয়ন্ত্রণে আছেন মাত্র ২১ দশমিক ৫ থেকে ২৬ দশমিক ৫ শতাংশ, আর সাম্প্রতিক এমআইএসের তথ্যে মাত্র ৮ শতাংশ মানুষ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।
ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত বাংলাদেশি গবেষণার বরাত দিয়ে তিনি জানান, নতুন শনাক্ত রোগীদের ৬১ দশমিক ৫ শতাংশই বিশ্বাস করতে চান না যে তাঁদের ডায়াবেটিস হয়েছে।
দেশের মানুষের খাদ্যাভ্যাসকে ডায়াবেটিসের প্রধান চালিকাশক্তি উল্লেখ করে ডা. সেলিম বলেন, ডায়াবেটিসবিহীন মানুষ খাবারের ৭৫ থেকে ৯০ শতাংশ এবং রোগীরা ৭০ থেকে ৮০ শতাংশ শর্করা খান, যা ক্ষুদ্র দৈহিক কাঠামো ও অগ্ন্যাশয়ের বিটা কোষের ওপর মারাত্মক চাপ তৈরি করছে। জন্ম থেকে মৃত্যু—সব উপলক্ষ্যেই মিষ্টি খাওয়ার সংস্কৃতি গড়ে উঠেছে।
চিনির পাশাপাশি লবণকেও ‘সাদা শত্রু’ আখ্যা দিয়ে তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সীমা দৈনিক ৫ গ্রামের কম হলেও দেশের মানুষ গড়ে ৯ গ্রাম (৬ দশমিক ৬৮ থেকে ১৮ গ্রাম পর্যন্ত) লবণ খান। প্রতি ১০ জনে ৯ জন (৮৯ দশমিক ৬ শতাংশ) পর্যাপ্ত ফল ও সবজি খান না, ৪৩ দশমিক ৭ শতাংশ প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার করেন (পুরুষ ৫৯ দশমিক ৬ শতাংশ ও নারী ২৮ দশমিক ৩ শতাংশ), যেখানে ধূমপানের চেয়ে জর্দা বড় বিপদ। এ ছাড়া স্থূলতা, কায়িক পরিশ্রমের অভাব এবং রাত্রিকালীন ৭ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমের ঘাটতি ঝুঁকি আরও বাড়াচ্ছে।
মূল প্রবন্ধ উপস্থাপনায় বলা হয়, ডায়াবেটিসের জটিলতায় স্ক্রিনিং কর্মসূচিতে প্রায় প্রতি তিনজনে একজন (৩৩ শতাংশ) রোগীর রেটিনোপ্যাথি পাওয়া গেছে। গ্রামীণ জরিপে ১১ দশমিক ৫ শতাংশের রেটিনোপ্যাথি, ১৮ শতাংশের নিউরোপ্যাথি এবং ২ দশমিক ৯ শতাংশের কিডনি রোগ শনাক্ত হয়েছে; আর বারডেমে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে (ডিকেএ) হাসপাতালে মৃত্যুর হার সাড়ে ৬ শতাংশ। ২০১৬-১৭ সালের খানা আয়-ব্যয় জরিপের (হাইস) বিশ্লেষণে দেখা গেছে, রোগীপ্রতি বছরে গড়ে ২৫ হাজার ৪৭৩ টাকা নিজ পকেট থেকে ব্যয় হয়, যার ৭৫ দশমিক ৪৩ শতাংশই যায় ওষুধে। এতে ১৪ দশমিক ৩৪ শতাংশ পরিবার বিপর্যয়কর স্বাস্থ্যব্যয়ের মুখে পড়ছে এবং ২৭ দশমিক ২ শতাংশ পরিবার ঋণ নিতে বা সম্পদ বিক্রি করতে বাধ্য হচ্ছে। প্রি-ডায়াবেটিস পর্যায়ে সময়মতো পদক্ষেপ নিলে অর্ধেকের বেশি ক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব উল্লেখ করে তিনি দেশে একটি স্বতন্ত্র এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা, কোল্ড ড্রিঙ্কস ও মিষ্টিসহ সর্বত্র চিনি নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন এবং শহর-গ্রামে হাঁটার নিরাপদ পরিবেশ তৈরির দাবি জানান।
গর্ভকালীন ডায়াবেটিসের (জিডিএম) ভয়াবহতা তুলে ধরে অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার ফ্যাকাল্টি লিড ডা. শারমিন আব্বাসী বলেন, গর্ভকালীন ডায়াবেটিস কেবল গর্ভাবস্থার সাময়িক সমস্যা নয়; এটি মা ও সন্তানের আজীবন বিপাকীয় স্বাস্থ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। আইডিএফ ২০২৫ অ্যাটলাসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে গর্ভকালীন ডায়াবেটিসের আনুমানিক হার ছিল ১৮ দশমিক ৫ শতাংশ—অর্থাৎ প্রতি ১০০টি গর্ভধারণে প্রায় ১৮ থেকে ১৯ জন মা আক্রান্ত হচ্ছেন। আর দক্ষিণ-পূর্ব এশিয়ায় গর্ভাবস্থায় হাইপারগ্লাইসেমিয়ার হার ৩১ দশমিক ৭ শতাংশ।
তিনি জানান, এতে আক্রান্ত মায়েদের ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৮ থেকে ১০ গুণ বেড়ে যায়; পাশাপাশি স্থূলতা, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকিও তৈরি হয়। অন্যদিকে সন্তানের মধ্যেও স্থূলতা, বিপাকীয় জটিলতা ও কম বয়সে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।
মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে ডা. শারমিন আব্বাসী বলেন, অনেক নারী জানেন না যে কোনো উপসর্গ ছাড়াই কিংবা স্বাভাবিক ওজনের নারীদেরও গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে।
পরিবারগুলোও ঝুঁকির বিষয়টি উপেক্ষা করে গর্ভবতীকে বেশি খেতে উৎসাহিত করে এবং প্রসব-পরবর্তী ফলোআপের গুরুত্ব বোঝে না।
স্যাফগ, ফিগো ও ওজিএসবির পক্ষ থেকে তিনি গর্ভধারণ-পূর্ব সচেতনতা তৈরি, জাতীয় গর্ভকালীন চেকআপ প্রোটোকলে জিডিএম স্ক্রিনিং বাধ্যতামূলক করা, উপজেলা ও জেলা হাসপাতালে ওজিটিটি পরীক্ষার ল্যাব সুবিধা নিশ্চিত করা, মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং পাঁচটি তথ্যসংবলিত ‘জিডিএম ফলোআপ কার্ড’ চালুর প্রস্তাব দেন।
এ ছাড়া প্রসবের ৪, ৮ ও ১২ সপ্তাহ পর ওজিটিটি পরীক্ষার কথা মনে করিয়ে দিতে এসএমএস ও ডিজিটাল রিমাইন্ডার পাইলট প্রকল্প চালুর সুপারিশ করে তিনি বলেন, গর্ভাবস্থায় চিকিৎসা সীমাবদ্ধ না রেখে প্রজন্মব্যাপী ডায়াবেটিস প্রতিরোধের দিকে এগোতে হবে।
ডায়াবেটিস ও মানসিক স্বাস্থ্যের দ্বিমুখী সম্পর্ক নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) আওতাধীন বারডেমের সেন্টার ফর হেলথ রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের (সিএইচআরআই) ডেপুটি ডিরেক্টর ডা. নাভিদ আহমেদ।
তিনি বলেন, ২০ থেকে ৩০ হাজার গ্রামীণ ও শহুরে নমুনার ওপর করা গবেষণায় দেশে ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের সম্মিলিত চাপ ৩০ থেকে ৪০ শতাংশ পাওয়া গেছে। বিডিএইচএস জরিপে দেশে সাধারণ মানসিক সমস্যার হার ৬ দশমিক ৭ শতাংশ (বিষণ্ণতা ও উদ্বেগ ৪ থেকে ১০ শতাংশ) দেখা গেলেও ল্যানসেটে প্রকাশিত গবেষণাসহ বিভিন্ন জরিপে দেখা গেছে, বাংলাদেশসহ এই উপমহাদেশে ডায়াবেটিস রোগীদের ৩০ থেকে ৪৫ শতাংশ বিষণ্ণতা ও উদ্বেগে ভোগেন যা একটি নীরব মহামারিতে রূপ নিয়েছে।
ডা. নাভিদ আহমেদ ব্যাখ্যা করে বলেন, ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর রোগী মানসিক চাপে পড়ে চিকিৎসা, ওষুধ ও ইনসুলিন নেওয়া থেকে নিজেকে গুটিয়ে নেন। সামাজিক কুসংস্কারের কারণে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে চান না, আবার দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী বিশেষজ্ঞও অপ্রতুল। অন্যদিকে দীর্ঘমেয়াদি মানসিক চাপের কারণে শরীরে কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন বেড়ে লিভার থেকে গ্লুকোজ নিঃসরণ ও ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়।
এ সংকট মোকাবিলায় যুক্তরাজ্যের এনআইএইচআর, ইউনিভার্সিটি অব ইয়র্ক ও ইউসিএলের সহায়তায় বারডেমে রোগীদের চিকিৎসা বইয়ে দুটি প্রশ্নের প্রাথমিক ডিপ্রেশন স্ক্রিনিং (পিএইচকিউ-২) যুক্ত করার কথা জানান তিনি।
এর পাশাপাশি নার্স, পুষ্টিবিদ ও হেলথ এডুকেটরদের প্রশিক্ষণের মাধ্যমে ‘বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন’ সাইকোথেরাপি চালুর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানে ৬০০ রোগীর ওপর করা ট্রায়ালে এই পদ্ধতিতে বিষণ্ণতা-উদ্বেগ উল্লেখযোগ্যভাবে কমেছে এবং রোগীদের আত্মবিশ্বাস বেড়েছে।
ডায়াবেটিসের অর্থনৈতিক চাপ বিশ্লেষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুল হামিদ বলেন, ২০১৬-১৭ সালের খানা আয়-ব্যয় জরিপের প্রায় দশ বছর আগের তথ্যকে বর্তমান মূল্যস্ফীতির সাথে সমন্বয় করলে রোগীপ্রতি চিকিৎসা ব্যয়ের চাপ আরও ভয়াবহ রূপ নেবে। তিনি জানান, জাতীয় পর্যায়ে সব রোগ মিলিয়ে যেখানে প্রায় ২৫ শতাংশ পরিবার বিপর্যয়কর স্বাস্থ্যব্যয়ের (১০ শতাংশ সীমায়) শিকার, সেখানে এককভাবে ডায়াবেটিসের জন্যই ১৪ শতাংশের বেশি পরিবার এই চাপের মুখে পড়ছে; আর ২৫ শতাংশ সীমায় এই হার ৫ দশমিক ৮ শতাংশ। এর বাইরে সরকারি স্বাস্থ্য নেটওয়ার্কের বিপুল ব্যয় এই হিসাবে নেই।
২০২০ সালে বিএমজে গ্লোবাল হেলথ-এ প্রকাশিত এক গবেষণার বরাত দিয়ে তিনি জানান, ডায়াবেটিসের কারণে অকালমৃত্যু, আয়ু হ্রাস ও কর্মক্ষমতা কমে যাওয়ায় বাংলাদেশের আজীবন অর্থনৈতিক উৎপাদনশীলতার ক্ষতি প্রায় ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলার।
অধ্যাপক আব্দুল হামিদ বলেন, আজকের আলোচনায় শুধু স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা আছেন; অথচ শিক্ষা, স্থানীয় সরকার ও খাদ্য মন্ত্রণালয়ের অংশগ্রহণ ছাড়া প্রতিরোধ সম্ভব নয়। ‘ক্যাপ স্টাডি’ প্রমাণ করেছে, বড় বয়সে সচেতনতা বাড়ালে জ্ঞান বাড়ে কিন্তু তা অভ্যাসে রূপ নেয় না। তাই ব্যক্তিগত থেকে রাষ্ট্রীয় পর্যায়ে ‘স্বাস্থ্যই প্রথম’ ধারণাটি প্রতিষ্ঠা করে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রম থেকেই স্বাস্থ্যশিক্ষা দিতে হবে।
পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবায় ডায়াবেটিস ও ক্যানসারসহ নিয়মিত স্ক্রিনিং যুক্ত করার এবং মানুষকে স্ক্রিনিংয়ে আগ্রহী করতে বিদেশের মতো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বা প্রণোদনা জুড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম ডায়াবেটিস প্রতিরোধে ‘এ-বি-সি’—অর্থাৎ এইচবিএ১সি (তিন মাসের শর্করার মাত্রা), ব্লাড প্রেশার (উচ্চ রক্তচাপ) ও কোলেস্টেরল (বিশেষ করে এলডিএল)—নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সাদা চিনি, লবণ ও ক্ষতিকর ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণের পাশাপাশি ‘প্লেট থিওরি’ মেনে খাবার খেতে হবে। সে অনুযায়ী খাবারের প্লেটের ৫০ শতাংশ শাকসবজি ও ফলমূল, এক-চতুর্থাংশ লাল চালের ভাত বা লাল আটার রুটি এবং বাকি এক-চতুর্থাংশ আমিষ হিসেবে লাল মাংস বাদ দিয়ে মাছ, মুরগি বা ডালজাতীয় উদ্ভিজ্জ প্রোটিন রাখতে হবে।
ওজন ও স্থূলতা নিয়ন্ত্রণে রোগীকে ভয় না দেখিয়ে বাস্তবসম্মত লক্ষ্য দেওয়ার পরামর্শ দিয়ে ড. খালেদা ইসলাম বলেন, দিনে সুবিধামতো সময়ে অন্তত ৩০ মিনিট হাঁটতে হবে, অথবা ১ হাজার থেকে ধাপে ধাপে বাড়িয়ে দিনে ১০ হাজার কদম করে সপ্তাহে অন্তত ৫ দিন হাঁটার অভ্যাস গড়তে হবে।
তামাক কোম্পানির প্রলুব্ধকর প্রচারণায় তরুণ-তরুণীরা আক্রান্ত হচ্ছে জানিয়ে তা কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।
পাশাপাশি চোখ বা কিডনি নষ্ট হয়ে যাওয়ার ভয় দেখিয়ে রোগীদের চিকিৎসা থেকে দূরে না সরিয়ে ইতিবাচকভাবে আশ্বস্ত করা এবং ডায়াবেটিস ব্যয় মোকাবিলায় স্বাস্থ্যবিমা ও সরকারি বাজেট সহায়তার বিষয়টি ভেবে দেখার আহ্বান জানান তিনি।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, বর্তমান সরকার স্বাধীনতার পর স্বাস্থ্য খাতে সর্বোচ্চ ও বিগত দিনের তুলনায় প্রায় দ্বিগুণ বাজেট বরাদ্দ দিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তবে কেবল অর্থ বরাদ্দই মূল সমাধান নয়।
রাস্তাঘাটে কলার খোসা ও ডাস্টবিনের বাইরে ময়লা ফেলার উদাহরণ টেনে তিনি বলেন, আমরা জাতিগতভাবে নিজের স্বাস্থ্যের প্রতি চরম উদাসীন।
তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকেই স্কুলে কঠোর নিয়মানুবর্তিতা, পরিচ্ছন্নতা ও জীবন পরিচালনার শিক্ষা দিলে তা সারাজীবনের অভ্যাসে পরিণত হয়।
তাই পাঠ্যপুস্তকে স্বাস্থ্যসচেতনতা ও ডায়াবেটিসের ভয়াবহতা অন্তর্ভুক্ত করার পাশাপাশি নীতিনির্ধারণী এ ধরনের সংলাপ বারবার আয়োজন করে এর নির্যাস নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
দৈনিক কালবেলার স্বাস্থ্য সম্পাদক রাশেদ রাব্বি বলেন, বর্তমান গণমাধ্যম ভিউ, লাইক ও শেয়ারের ওপর নির্ভরশীল হয়ে পড়ায় কেবল গণমাধ্যমের ওপর ভরসা করে ডায়াবেটিস কমানো যাবে না।
তিনি বলেন, দেশে ২২টি ইনস্টিটিউটের জায়গায় আরও ১০টি ইনস্টিটিউট কিংবা পুরো দেশকে হাসপাতাল বানিয়ে দিলেও জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও জীবনযাপনে পরিবর্তন না আনলে ডায়াবেটিস কমবে না। ঢাকা শহরে অফিস থেকে হেঁটে বাসায় ফেরার মতো কোনো ফুটপাত নেই।
তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি পরিচালিত বন্ধ হয়ে যাওয়া ‘স্কুল হেলথ প্রোগ্রাম’ পুনরায় সহশিক্ষা কার্যক্রম হিসেবে চালু করে শিশুদের খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের শিক্ষা দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে আয়োজনের প্রধান সহযোগী প্রতিষ্ঠান ফিটব্যাক রিসেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মুকিদুজ্জামান শুভেচ্ছা বক্তব্য দেন।
এমআই/