© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞার স্থগিতাদেশ আরও দুই মাস বাড়াল চীন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞার স্থগিতাদেশ আরও দুই মাস বাড়াল চীন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০০ এএম | ২৫ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত রাখার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে চীন। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যিক উত্তেজনা কমে আসার প্রেক্ষাপটে মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৪৬ নম্বর ঘোষণার দ্বিতীয় অনুচ্ছেদের আওতায় থাকা স্থগিতাদেশ আগামী ২৮ নভেম্বর থেকে কার্যকর হয়ে ২০২৭ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

সোমবার তারিখ উল্লেখ করে বিজ্ঞপ্তিটি তৈরি করা হলেও মঙ্গলবার তা প্রকাশ করা হয়।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে সেমিকন্ডাক্টর রপ্তানি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ার সময় এসব পণ্যের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল বেইজিং।

ওই বিধিনিষেধ অনুযায়ী, গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি এবং অতি-কঠিন উপাদানসংশ্লিষ্ট দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে সাধারণত অনুমতি দেওয়া হতো না।

দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য বলতে এমন উপাদান বা প্রযুক্তিকে বোঝায়, যা বেসামরিক ও সামরিক, উভয় ক্ষেত্রেই ব্যবহার করা সম্ভব।

নতুন সিদ্ধান্তের ফলে এসব পণ্য রপ্তানিতে আগের স্থগিতাদেশ আরও দুই মাস বহাল থাকবে। এতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের চলমান উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সূত্র: আনাদোলু

একেএস

মন্তব্য করুন