© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রায় একই রকম নাম, দুই সিনেমা নিয়ে বিপাকে হলিউড

শেয়ার করুন:
প্রায় একই রকম নাম, দুই সিনেমা নিয়ে বিপাকে হলিউড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৩ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
প্রায় একই রকম নামের দুটি আসন্ন সিনেমা নিয়ে বিরোধে জড়িয়েছে হলিউডের দুই স্টুডিও ইউনিভার্সাল ও ওয়ার্নার ব্রাদার্স। জেনিফার অ্যানিস্টন অভিনীত ‘নটি’ এবং জেনা ওর্তেগা অভিনীত ‘ন্যাস্টি’- এই দুটি ছবির শিরোনাম ঘিরেই অচলাবস্থা তৈরি হয়েছে।

‘ভ্যারাইটি’র প্রতিবেদন অনুযায়ী, প্রায় একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা থাকা দুটি ছবির নাম নিয়ে এই টানাপড়েন চলছে। অলিভিয়া ওয়াইল্ড পরিচালিত ক্রিসমাস কমেডি ‘নটি’তে অভিনয় করেছেন জেনিফার অ্যানিস্টন ও পিটার ডিঙ্কলেজ। গল্পে এক মাকে তার বিবাহবিচ্ছেদের শুনানিতে সাক্ষ্য দিতে সান্তা ক্লজকে রাজি করাতে দেখা যাবে।

অন্যদিকে মেরি ব্রনস্টাইন পরিচালিত মনস্তাত্ত্বিক ড্রামা ‘ন্যাস্টি’র প্রধান চরিত্রে আছেন জেনা ওর্তেগা।

কাহিনি একজন সেরা জিমন্যাস্টকে ঘিরে, যিনি অলিম্পিক দলে জায়গা পাওয়ার প্রতিযোগিতার পাশাপাশি এক ধূর্ত কোচের সঙ্গে মানিয়ে চলেন। দুই স্টুডিওর সূত্রই মনে করছে, নাম দুটি প্রায় সমার্থক হওয়ায় দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।

২০২৩ সালে মোশন পিকচার অ্যাসোসিয়েশন বা এমপিএ-তে নাম নিবন্ধনের পর ইউনিভার্সাল ২০২৭ সালের ৫ নভেম্বর ‘নটি’ মুক্তির তারিখ নির্ধারণ করেছে। আর নিওনের সাবেক অভিজ্ঞ ক্রিশ্চিয়ান পার্কসের নতুন প্রযোজনা সংস্থা ক্লকওয়ার্ক ‘ন্যাস্টি’র মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

তবে চারটি সূত্র জানিয়েছে, ছবিটিও ২০২৭ সালের নভেম্বরেই মুক্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে। বিরোধটি নিষ্পত্তিতে এমপিএ-এর টাইটেল রেজিস্ট্রেশন ব্যুরো (টিআরবি) আনুষ্ঠানিক পর্যালোচনায় যেতে পারে। আইনজীবীদের একটি প্যানেল এই সালিশি পরিচালনা করে এবং টিআরবির সিদ্ধান্ত আইনত বাধ্যতামূলক। এক্সিবিটর রিলেশনস-এর বিশ্লেষক জেফ বক বলেন, সিনেমাগুলো নিজেদের স্বতন্ত্র করে তুলতে চায় এবং এর প্রথম উপায় হলো শিরোনাম। নামগুলো শুনতে একই রকম হলে দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।

ইউনিভার্সাল আগে নাম নিবন্ধনের যুক্তিতে অগ্রাধিকার দাবি করছে। তবে ‘ন্যাস্টি’র ঘনিষ্ঠ সূত্রগুলোর অভিযোগ, ইউনিভার্সাল ছোট স্বাধীন প্রযোজনা প্রতিষ্ঠান ক্লকওয়ার্কের ওপর চাপ সৃষ্টি করছে। এদিকে দুই প্রকল্পের সঙ্গেই যুক্ত মার্গো রবির প্রযোজনা সংস্থা লাকিচ্যাপ এমপিএ-র মধ্যস্থতা ছাড়াই একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।

এসএ/

মন্তব্য করুন