ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৪:০২ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘পলাতক, দণ্ডপ্রাপ্ত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা নিজস্ব আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা চলমান।’
যেসব জেলায় আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে, সেসব এলাকায় সরকার অত্যন্ত কৌশলে ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘বিশ্ব দেখেছে, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণের জানমালের ওপর সহিংসতা চালাচ্ছে। এরপরও কেউ জনগণের জানমালের ওপর হামলা চালালে সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।’
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, আদালত এই সিদ্ধান্ত নেবে।’
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আওয়ামী লীগ ষড়যন্ত্র করতে চেয়েছিল বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।
এমআই/