সমালোচনা তোয়াক্কা করেন না শ্রুতি হাসান!
ছবি: সংগৃহীত
০৪:১৪ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
বুচি বাবু সানা পরিচালিত ‘পেদ্দি’ সিনেমা ঘিরে বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন অভিনেত্রী শ্রুতি হাসান। সিনেমাটিতে জাহ্নবী কাপুরের চরিত্রের অতি-যৌন উপস্থাপন এবং যৌন নিপীড়নকে ভালোবাসা হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে। এরই মধ্যে সিনেমার বিশেষ গান ‘হেল্লাল্লালো’তে অভিনয়ের কারণ ব্যাখ্যা করেছেন শ্রুতি।
‘গালাট্টা প্লাস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রুতি জানান, সিনেমায় বিশেষ গানের প্রয়োজনীয়তা নিয়ে তার নিজেরও প্রশ্ন রয়েছে। তবে নাচ ও সাজগোজের প্রতি ভালো লাগা থেকেই তিনি গানটিতে যুক্ত হয়েছেন। পর্দায় নিজের দৃশ্যমান যৌন আবেদন তুলে ধরাকে ব্যক্তিগত স্বাধীনতার বিষয় হিসেবেই দেখেন এই অভিনেত্রী।
শ্রুতির ভাষ্য, কারও চাপে পড়ে কিংবা কাউকে খুশি করার জন্য তিনি কোনো কাজ করেন না। নিজের ভালো লাগা থেকেই কাজ বেছে নেন। কোনো কিছুতে অস্বস্তি বোধ করলে সরাসরি না বলে দেন। এ কারণে তাকে ‘কঠিন স্বভাবের’ তকমা দেওয়া হলেও তাতে তার আপত্তি নেই।

নারীদের পর্দায় উপস্থাপনা নিয়ে সমালোচনার বিষয়টি বুঝতে পারেন বলেও জানান শ্রুতি। তবে তার মতে, কোরিওগ্রাফি কিংবা আকর্ষণীয় উপস্থাপনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত তিনি নিজের আনন্দের জন্যই নিয়েছেন।
বিষয়টিকে শুধু গানের পোশাক বা নাচের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে দেখার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। তিনি মনে করেন, সমাজের নানা ক্ষেত্রেই মানুষ অন্যকে সন্তুষ্ট করার চেষ্টা করে। তবে কে কী করবেন, সেই সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত হওয়া উচিত।
‘পেদ্দি’ সিনেমার বিশেষ গানে নিজের অংশগ্রহণ নিয়ে শ্রুতির বক্তব্যে ব্যক্তিগত পছন্দ ও স্বাধীনতার বিষয়টিই উঠে এসেছে। সমালোচনা থাকলেও নিজের সিদ্ধান্তের পক্ষে অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।
এসএ/