© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে আছড়ে পড়ল বিমান, ২ শিশুসহ নিহত ৬

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে আছড়ে পড়ল বিমান, ২ শিশুসহ নিহত ৬

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৬ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। সিবিএস নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কর্মকর্তারা জানান, সেসনা ২১০ মডেলের বিমানটি মেক্সিকো উপসাগরে মিসিসিপির পাস্কাগুলা ও গালফ আইল্যান্ডস ন্যাশনাল সিশোরের অংশ হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী এলাকায় বিধ্বস্ত হয়। পরে ডুবুরিরা বিমানটির মূল কাঠামোর ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন। উড়োজাহাজটিতে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু ছিল।

কোস্টগার্ড জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইলের আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার বিমানটির সঙ্গে যোগাযোগ হারানোর খবর জানায়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় উড়োজাহাজটি প্রতি মিনিটে ১০ হাজার ফুট গতিতে নিচে নামছিল।

উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টা ধরে যাত্রীদের সন্ধানে অভিযান চালান। রোসের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে পানিতে ভাসমান অবস্থায় মাত্র তিনটি লাইফ জ্যাকেট, একটি লাইফ র‍্যাফট এবং বিমানটির কেবিনের অংশ পাওয়া যায়।

বিমান চলাচলের তথ্য অনুসরণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্স যাচ্ছিল। কোস্টগার্ডের মোবাইল সেক্টরের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সমন্বয়ক কমান্ডার ট্রেভর ব্লাউন্ট এ ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।

এর আগে চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ ফ্লোরিডায় একটি লিয়ারজেট ৬০ বিজনেস বিমান মাটিতে আছড়ে পড়ে। এতে বিমানে থাকা নয়জনের সবাই নিহত হন। গাড়ির ভেতরে থাকা কয়েকজনের ধারণ করা ভিডিওতে ভয়াবহ ওই দুর্ঘটনার দৃশ্য উঠে আসে।

এমআই/


মন্তব্য করুন