© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ঘোষণা ফকির সমিতির সভাপতির

শেয়ার করুন:
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ঘোষণা ফকির সমিতির সভাপতির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৮ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময়সীমা বেঁধে দিয়ে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি। তার ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না এবং এই নির্দেশনা অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে বলে মাইকিংয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। তিনি নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি হিসেবে পরিচয় দিয়ে জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না। ঘোষণায় নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তার বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি কেউ ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানার ঘোষণাও দেন তিনি।

ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ এবং নিয়ম লঙ্ঘনে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে; পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ উদ্যোগটিকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন যে জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত এখতিয়ার কোনো স্থানীয় কমিটির রয়েছে কি না।

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন।

এমআই/


মন্তব্য করুন