ইনিংস ব্যবধানে হারের পর ব্যর্থতা স্বীকার করলেন শান্ত
ছবি: সংগৃহীত
০৯:৫৫ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ব্যাটিংয়ে দুই ইনিংসেই যাচ্ছেতাই ব্যাটিং করেছে তারা। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে ব্যাটিং ও বোলিংয়ের ব্যর্থতাকেই দায়ী করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই সঙ্গে দলের বেশ কিছু জায়গায় উন্নতির দাবিও জানিয়েছেন তিনি।
প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার রানের লাগাম টেনে ধরতে পারেনি বাংলাদেশ। বোলাররাও ছিল নিষ্প্রভ। ৪৯৪ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ৪০৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলেতে নেমে ১৮৪ রানে অলআউট। ম্যাচ শেষে ব্যর্থতা স্বীকার করে শান্ত বলেন, ‘আমরা অবশ্যই জানতাম, সেঞ্চুরিয়নের কন্ডিশন এমনই হবে। একটি ব্যাটিং ইউনিট হিসেবে যত দ্রুত সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা সেটা করতে পারিনি। বিশেষ করে প্রথম ইনিংসেস ভালো ব্যাটিং করতে পারিনি।’
তবে কঠিন কন্ডিশনের অজুহাত দিতে চাননি বাংলাদেশ অধিনায়ক, ‘এটা কঠিন ছিল, অবশ্যই কঠিন ছিল। তবে ক্রিকেটে এমনটা হতেই পারে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের ঘুরে দাঁড়ানো এবং দ্বিতীয় ইনিংসে পরিকল্পনা অনুযায়ী খেলা উচিত ছিল। আগেও বলেছি, আমাদের শুরুটা ভালো হয়নি। বোলিংয়েও ভালো করতে পারিনি। এ কারণেই আমরা ম্যাচটি হেরেছি।’
ইনিংস ও ২১৯ রানে হারের ম্যাচেও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন শান্ত, ‘অবশ্যই এই টেস্টে কিছু ইতিবাচক দিক ছিল। যেমন হৃদয় যেভাবে ব্যাটিং করেছে। তবে আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে। ক্যাচ ধরার ক্ষেত্রে উন্নতি করতে হবে। এমনকি ব্যাটিং ইনিংসের শুরুতেও উন্নতি করতে হবে। অনেক জায়গাতেই আমাদের উন্নতি করা প্রয়োজন।’
এমআর/