নারীও উচ্চাকাঙ্ক্ষী হতে পারেন, এতে সমস্যা কোথায় : লারা দত্ত
ছবি: সংগৃহীত
১০:৫৭ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
বলিউডের নামি অভিনেত্রী লারা দত্ত। বর্তমানে বিশ্বজুড়ে চলছে তার অভিনীত নতুন সিনেমা ‘রামায়ণ’। নিতেশ তিওয়ারির এই সিনেমায় তিনি অভিনয় করেছেন কৈকেয়ীর ভূমিকায়। এ চরিত্রের সঙ্গে বর্তমান সমাজে নারীদের ঘিরে থাকা প্রত্যাশার অনেক মিল রয়েছে।
লারা দত্ত বলেন, ‘প্রায় তিন দশক ধরে আমি বিনোদনজগতে উচ্চাকাঙ্ক্ষী একজন নারী হিসেবে কাজ করছি। এ কারণে কখনো আমাকে নেতিবাচকভাবে দেখা হয়েছে বলে মনে করি না। একজন নারীও উচ্চাকাঙ্ক্ষী হতে পারেন, এতে সমস্যা কোথায়? তবে নিজের লক্ষ্য অর্জনের পথে একজন নারী কতজনকে অসন্তুষ্ট করছেন, সেটা অনেক সময় তার নিজের ওপর নির্ভর করে।’
উচ্চাকাঙ্ক্ষী হওয়া মানেই নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়া নয় বলে মনে করেন লারা। তার ভাষ্য, ‘ইতিহাসে উচ্চাকাঙ্ক্ষী নারীদের প্রায়ই এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তারা নিজেদের দায়িত্ব থেকে সরে গেছেন। অথচ সমাজের চোখে একজন নারীর প্রধান দায়িত্ব হলো সন্তান ও সংসার সামলানো!’

সমাজের এই দ্বিমুখী দৃষ্টিভঙ্গির সমালোচনা করে লারা বলেন, ‘সফল নারীদের প্রায়ই প্রশ্ন করা হয়, তারা কীভাবে সংসার ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখেন। কিন্তু কোনো পুরুষকে এ ধরনের প্রশ্ন করা হয় না। বর্তমানে অনেক নারী নিজেদের উদ্যোগে এমন প্রতিষ্ঠান গড়ে তুলছেন, যা অন্য নারীদেরও উপকৃত করছে। অথচ তাদের সাফল্যের পেছনেও কোনো না কোনো পুরুষের ভূমিকা থাকছে।’
কৈকেয়ীর চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে লারা বলেন, ‘একজন মা হয়েও নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে উচ্চাকাঙ্ক্ষী হওয়ার বিষয়টি পর্দায় তুলে ধরা বেশ কঠিন ছিল। কৈকেয়ীকে সব সময় অন্যতম বড় খলনায়ক হিসেবে দেখা হয়েছে। কারণ, তিনি এমন একজন দেবতাকে (রাম) বনবাসে পাঠানোর ব্যবস্থা করেছিলেন, যাকে মানুষ শ্রদ্ধা করে। এমন পরিণতি কেউই চাইবে না। তবে বৃহত্তর প্রেক্ষাপট থেকে দেখলে, কখনো কখনো কাউকে খলনায়কের ভূমিকা পালনের জন্যই যেন জন্ম নিতে হয়।’
উল্লেখ্য, বাল্মীকির মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। বিশাল বাজেট ও আয়োজনের সিনেমাটিতে রামের চরিত্রে আছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণ চরিত্রে অভিনয় করেছেন যশ। ৫ নভেম্বর মুক্তি পেয়ে এরই মধ্যে বিশ্বব্যাপী ১ হাজার ৭শ কোটি রুপিরও বেশি আয় করেছে সিনেমাটি।
এমআর/