র্যাম্পে হাঁটতে গিয়ে পড়ে আহত মিষ্টি জান্নাত, হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত
০৭:৩০ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
র্যাম্পে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পড়ে আহত হয়েছেন ঢালিউডের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাকে সেখান থেকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী।
জানা গেছে, অনুষ্ঠানে র্যাম্পে হাঁটতে শুরু করেন মিষ্টি জান্নাত। কিছুদূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি।
পরে তাকে কোলে করে অনুষ্ঠানস্থলের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মিষ্টি জান্নাতের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, গত তিন দিন ধরে জ্বর ও বমিতে ভুগছিলেন তিনি। অসুস্থতা নিয়েই অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন।
একপর্যায়ে মাথা ঘুরে পড়ে যান। এতে তার পায়ের লিগামেন্টে আঘাত লাগে।
এদিকে দুর্ঘটনার খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমকে বিতর্কিত শিরোনাম বা ক্যাপশন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। এ বিষয়ে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘কোনো রকম কনট্রোভার্সিয়াল ক্যাপশন আপনারা দেবেন না। স্পেশালি আমি কোনো নায়িকা, নায়ক নিয়ে কিছুই বলি না।
আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দিই। কিন্তু কারও ছবি আমার ইন্টারভিউ বা ভিডিওর মধ্যে লাগিয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না। হাত জোড় করে সবাইকে অনুরোধ করছি।’
পোস্টে মিষ্টি জান্নাত আরো জানান, মিডিয়ার সবাই তার কাছের মানুষ। কোনো ধরনের দলাদলি পছন্দ করেন না তিনি। পাশাপাশি পায়ের লিগামেন্টে গুরুতর আঘাত ও জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
এমআই/