© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলিউডের সুদর্শন অভিনেতা অর্জুন রামপালের জন্মদিন আজ

শেয়ার করুন:
বলিউডের সুদর্শন অভিনেতা অর্জুন রামপালের জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৮ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
বলিউডের সুদর্শন অভিনেতাদের তালিকায় প্রথম দিকেই আসে অর্জুন রামপালের নাম। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে পরে অভিনয়ে নিজের জায়গা তৈরি করেছেন তিনি।

‘ডন’, ‘ওম শান্তি ওম’ ও ‘রক অন’-এর মতো সিনেমায় অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। আজ ২৬ নভেম্বর, এই অভিনেতার জন্মদিন। ১৯৭২ সালের এই দিনে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন তিনি। দিল্লির হিন্দু কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন অর্জুন।



তবে নব্বইয়ের দশকে মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে পরিচিতি পান তিনি। ফ্যাশন ডিজাইনার রোহিত বালের নজরে আসার পর মডেল হিসেবে কাজের সুযোগ তৈরি হয় তার। অল্প সময়েই ভারতের জনপ্রিয় পুরুষ মডেলদের একজন হয়ে ওঠেন। এরপর বড় পর্দায় কাজের স্বপ্ন নিয়ে পা রাখেন বলিউডে।

২০০১ সালে ‘পেয়ার ইশক অউর মহাব্বাত’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় অর্জুনের। শুরুতে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সেভাবে সাফল্য পাননি। ২০০৬ সালে শাহরুখ খানের সঙ্গে ‘ডন’ সিনেমায় অভিনয়ের পর তার পরিচিতি আরো বাড়ে। পরের বছর ‘ওম শান্তি ওম’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেও নজর কাড়েন তিনি।

তবে অভিনেতা হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দেন ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘রক অন’ সিনেমায়। এতে জোসেফ ম্যাসকারেনহাস চরিত্রে অভিনয় করেন অর্জুন। এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। এরপর ‘রাজনীতি’, ‘হাউসফুল’, ‘রা.ওয়ান’, ‘ডি-ডে’ ও ‘ড্যাডি’র মতো সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে। 

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন অর্জুন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণ করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে রোমান্টিক নায়ক থেকে অ্যাকশন ও অপরাধভিত্তিক গল্পের চরিত্রেও নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে বলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন এই অভিনেতা।

ব্যক্তিজীবনেও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন অর্জুন রামপাল। ১৯৯৮ সালে সাবেক সুপারমডেল মেহর জেসিয়াকে বিয়ে করেন তিনি। তাদের দুই মেয়ে রয়েছে। ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে দক্ষিণ আফ্রিকান মডেল ও ডিজাইনার গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তাদের দুই ছেলে রয়েছে। ২০২৬ সালের আগস্টে গোয়ায় আইনি বিয়ে সম্পন্ন করেন এই জুটি। 

মডেলিংয়ের মঞ্চ থেকে বলিউডের বড় পর্দা- দীর্ঘ পথ পেরিয়ে আজ ৫৪ বছরে পা দিলেন অর্জুন রামপাল। বয়সের সঙ্গে বদলেছে তার কাজের ধরন, তবে পর্দায় উপস্থিতি ও অভিনয়ের বৈচিত্র্য দিয়ে এখনো দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছেন তিনি।

এসএ/


মন্তব্য করুন