মোশাররফ ভাই সারাজীবন আমাকে বিরক্ত করেছেন: সুমাইয়া শিমু
ছবি: সংগৃহীত
০২:২৬ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
নাটকের পর্দায় একসময় দর্শকের মন জয় করেছিলেন তারা। সময়ের ব্যবধানে একসঙ্গে কাজের সুযোগ কমেছে, হারিয়ে গেছে নিয়মিত সেই দৃশ্যগুলো। তবে অভিনয়ের পুরোনো বোঝাপড়া আর বন্ধুত্বের স্মৃতি যেন নতুন করে ফিরছে বড় পর্দায়।
আসছে রোজার ঈদে ‘যাত্রা বিরতি’ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখা যাবে মোশাররফ করিম ও সুমাইয়া শিমুকে। কাজী আসাদ পরিচালিত সিনেমাটিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে সুমাইয়া শিমুরও।

প্রথমবার চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে নিজের ভালো লাগা ও সিদ্ধান্তের পেছনের গল্প জানিয়েছেন অভিনেত্রী। সুমাইয়া শিমু বলেন, ‘অনেক বছর ধরে অভিনয় করছি। অভিনয়ের আরেকটি শাখা চলচ্চিত্র। আমার দুর্ভাগ্য, এতদিন এই মাধ্যমে কাজ করা হয়নি। তাই প্রথম চলচ্চিত্রে অভিনয়ের সুযোগটি আমার কাছে বিশেষ কিছু ছিল। স্ক্রিপ্টটি বড় একটি বিষয় ছিল।’
তার কথায়, ‘পাশাপাশি সহশিল্পীদের মধ্যে মোশাররফ ভাই ও দিলার আন্টির নাম জেনেছিলাম। তাদের সঙ্গে আগে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকায় কিছুটা সাহস পেয়েছিলাম। বিশেষ করে মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার ক্যারিয়ারের অনেকটা সময় কাজ করেছি। ফলে তার মতো পরিচিত সহশিল্পীরা পাশে থাকবেন এটা আমার জন্য একধরনের ভরসার জায়গা ছিল।’
সহশিল্পী মোশাররফকে নিয়ে রসিকতা করে তিনি বলেন, ‘মোশাররফ ভাই অবশ্যই আমাকে বেশি বিরক্ত করবেন। সারাজীবন সেটাই করে এসেছেন। তবে একটা বিষয় হলো, মাঝখানে অনেক দিন তার সঙ্গে কাজ করা হয়নি। এমনিতেই আমার কাজের পরিমাণ কমে গিয়েছিল। তাই তার সঙ্গে আবার কাজ করার সুযোগটি ভালো লেগেছে।’
অভিনেত্রীর ভাষ্যে, ‘শুধু ক্যামেরার সামনে অভিনয় নয়, শুটিংয়ের বাইরের মুহূর্তগুলোও আমি খুব মিস করেছি। আমাদের মধ্যে যে বন্ধুত্ব, বোঝাপড়া এবং সহশিল্পী হিসেবে একে অপরের প্রতি নির্ভরশীলতা ও ভালো লাগার জায়গা তৈরি হয়, সেগুলোও আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর সেই অভিজ্ঞতায় ফেরার সুযোগ পেয়েছি।’
এসএ/