টঙ্গীতে মাদ্রাসায় হামলা: আলোচিত সেই অভিভাবকের জামিন মঞ্জুর
ছবি: সংগৃহীত
০৩:৩৪ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত সেই অভিভাবক শাহজালাল রুমীর জামিন দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।
মামলায় নিয়োজিত আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বেল্লাল হোসাইন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আইনজীবী বেল্লাল হোসাইন জামিন মঞ্জুরের প্রতিক্রিয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেয়া আইনজীবীরা কোনোক্রমেই সমর্থন করেন না। তবে ঘটনার আকস্মিকতায় কেউ আইনের সংস্পর্শে বা সংঘর্ষে জড়িয়ে পড়লে ন্যায়বিচারের স্বার্থে আইনজীবীরা আইনগত সেবা দেয় এটা তাদের পেশাগত দায়বদ্ধতা।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. আসিফ হাসান এর সমন্বয়ে গঠিত এনেক্স ভবনের ৯ নম্বর আদালত গত ৩ নভেম্বর তাকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। ফলে ওই আদেশের পরিপ্রেক্ষিতে আজ গাজীপুর দায়রা জজ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চাওয়া হয়।
আদালতে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এবং অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা, অ্যাডভোকেট মিজানুর রহমান টিটু, অ্যাডভোকেট সাদিয়া আফরিন, অ্যাডভোকেট কামরুন নাহার লিজাসহ আরও অনেকে। গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির অনেক সদস্য উপস্থিত ছিলেন।
সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলায় সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধে অভিযোগ আনা হলে বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করে। পরবর্তী সময়ে তার পক্ষে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হলে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের আদেশ দেয়া হয়েছিল।
এসএ/