© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জে বাস থেকে নামিয়ে ছাত্রদল নেতাকে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ

শেয়ার করুন:
গোপালগঞ্জে বাস থেকে নামিয়ে ছাত্রদল নেতাকে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৫ এএম | ২৭ নভেম্বর, ২০২৬
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খানকে গোপালগঞ্জে বাস থেকে নামিয়ে তুলে নিয়ে নির্যাতন ও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাব্বির খান ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরে যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের পথে রওনা হন সাব্বির খান। রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয়ে একদল ব্যক্তি বাসটি থামিয়ে তার মোবাইল ফোন তল্লাশি করে। মোবাইলে ছাত্রদলের বিভিন্ন পোস্ট এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদকের পদে থাকার প্রমাণ পেয়ে তাকে বাস থেকে নামিয়ে তুলে নেওয়া হয়।

সাব্বির খানের অভিযোগ, যাত্রাপথে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে তিনি নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তি বাসের পেছনের দিকে গিয়ে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলেন। তার পরপরই পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, তুলে নেওয়ার পর লাঠিসোঁটা ও অস্ত্র হাতে প্রায় ২০ জনের একটি দল তাকে জিম্মি করে শারীরিকভাবে নির্যাতন চালায় এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে অস্ত্রের মুখে তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে জোরপূর্বক গালিগালাজমূলক বক্তব্য দিতে বাধ্য করা হয়। পরে সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তার আইডি থেকেই প্রকাশ করা হয়।

পরবর্তীতে কৌশলে সেখান থেকে পালিয়ে অন্য একটি বাসে করে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর পৌঁছান সাব্বির। খবর পেয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা তাকে শহরের সিও অফিস চত্বর থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণ দাবি এবং জোরপূর্বক ফেসবুকে আপত্তিকর বক্তব্য প্রচারের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। আওয়ামী ফ্যাসিস্টদের রুখতে পিরোজপুর জেলা ছাত্রদল সব সময় প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতা-কর্মী নিয়ে আমরা গোপালগঞ্জে যেতে প্রস্তুত।'

এদিকে ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলের মাধ্যমে আহত সাব্বির খানের খোঁজখবর নিয়েছেন। তারা তার সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, 'গোপালগঞ্জে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি আমরা জেনেছি। হাসপাতালে পুলিশ পাঠিয়ে আহত সাব্বির খানের কাছ থেকে ঘটনার বিবরণ শোনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

কেএন/


মন্তব্য করুন