© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামী ১৫ বছরে ক্লিন, গ্রিন ও আধুনিক ঢাকা গড়ার পরিকল্পনা ডিএনসিসির: প্রশাসক

শেয়ার করুন:
আগামী ১৫ বছরে ক্লিন, গ্রিন ও আধুনিক ঢাকা গড়ার পরিকল্পনা ডিএনসিসির: প্রশাসক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৯ এএম | ২৭ নভেম্বর, ২০২৬
আগামী ১৫ বছরে ক্লিন, গ্রিন ও আধুনিক ঢাকা গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ফুটপাত নিয়ন্ত্রণ, হকার পুনর্বাসন ও জোনভিত্তিক অটোরিকশা নিবন্ধন চালুর উদ্যোগের কথাও জানান তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টায় ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ম্যারাথনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিন ধাপে আয়োজিত এ ম্যারাথনে বিভিন্ন বয়সের প্রায় ৫ হাজার মানুষ অংশ নেন। এ সময় তরুণদের খেলাধুলার জন্য মাঠ সংরক্ষণ, পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান জানাতে ‘সিটি হিরো অ্যাওয়ার্ড’ চালু এবং নগরবাসীকে উন্নত নাগরিক সুবিধা দেয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন প্রশাসক।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনে ১৫টি কর্মসূচি নেয়া হয়েছে। আগামী ১৫ বছরে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক ঢাকা গড়ে তোলাই লক্ষ্য। এ জন্য নগরবাসীকে উন্নত নাগরিক সুবিধা দেয়ার পাশাপাশি তরুণদের খেলাধুলার সুযোগ তৈরি ও মাঠ সংরক্ষণে কাজ করা হবে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ৮২ হাজার গাছ লাগানো হয়েছে। ১৫টি কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন ও সহযোগিতা করেছেন।

নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ফুটপাত নিয়ন্ত্রণ ও হকার পুনর্বাসনের পরিকল্পনার কথা জানিয়ে প্রশাসক বলেন, ডিএনসিসির চারটি জোনে অটোরিকশা চলাচলের জন্য নিবন্ধন চালু করা হবে। পাশাপাশি জন্মনিবন্ধন ও ট্রেড লাইসেন্সসংক্রান্ত আইন সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে।

অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ঢাকা শহরকে বসবাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। ডিএনসিসির ১৫ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতেই এ আয়োজন। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় নেয়া কর্মসূচিগুলো সফল হবে।

বাসযোগ্য ও আধুনিক ঢাকা গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন ডিএনসিসি প্রশাসক। এদিকে, শহরকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলার উদ্যোগকে স্বাগত জানান ম্যারাথনে অংশ নেয়া নগরবাসীরা।

কেএন/


মন্তব্য করুন