পল্লবীর কালশী রোডে পার্কিং করা বাসে আগুন
ছবি: সংগৃহীত
০৯:০১ এএম | ২৭ নভেম্বর, ২০২৬
রাজধানীর মিরপুরের পল্লবীর কালশী রোডে পার্কিং করে রাখা বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে গেছে।
এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে পল্লবী থানাধীন সেকশন-১১-এর কালশী-পূরবী রোডে ‘উল্টা বাবার মাজার’ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, রাস্তার পাশে পার্কিং করে রাখা বিহঙ্গন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৭১৮৫) বাসটিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন হোটেলের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
তবে আগুনে বাসের ভেতরের অধিকাংশ আসন ও কাচ পুড়ে যায়। ঘটনার পর পল্লবী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন। তিনি বলেন, পল্লবী থানার কালশী রোডে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।
এ বিষয়ে পল্লবী থানার এসআই সোহানুর রহমান বলেন, রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কালশী-পূরবী সড়কে উল্টা বাবার মাজার সংলগ্ন রাস্তার পাশে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী কর্তৃক পার্কিংরত বিহঙ্গ পরিবহন অগ্নিসংযোগ করেছে। পরবর্তীতে স্থানীয় লোকজন হোটেলের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে গাড়ির ভেতরের অধিকাংশ সিট এবং গ্লাস পুড়ে যায়।
এসএ/