জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না : সেলিম উদ্দিন
ছবি: সংগৃহীত
০১:৫৮ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
জনগণ নতুন করে কোনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেম জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, দেশের আইন, কর্তৃত্ব, সংবিধান ও সার্বভৌমত্বের প্রতি যে-কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বসে থাকতে পারে না। জুলাইয়ের শহীদরা দেশের মানুষের মুক্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছেন। সেই ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জাতির আগামী দিনের সব সংকট ও সংগ্রামে জামায়াতে ইসলামী নেতৃত্বের ভূমিকা পালন করবে।
শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মহানগর উত্তরের কার্যালয়ে মিরপুর উত্তর থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন মিরপুর উত্তর থানা জামায়াতের আমির মনিরুল ইসলাম মৃধা।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী সব পরিস্থিতি মোকাবেলা করে এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে দুর্নীতি, ঘুষ, অবিচার ও সন্ত্রাস থাকবে না। ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে একটি মানবিক বাংলাদেশ ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায়-মহল্লায় জনসচেতনতা ও জাগরণ সৃষ্টি করতে হবে।
নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নগরীতে নিরাপত্তার যে সংকট দেখা দিয়েছে, তাতে প্রতিটি মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা নিয়ে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আগামী ১৮ ডিসেম্বর মিরপুর উত্তর থানার নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, সমাবেশকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটি ঘরে বারবার যেতে হবে, নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক ও যোগাযোগ তৈরি করতে হবে। পাশাপাশি ঘরে ঘরে জামায়াতের মনোনীত মেয়রপ্রার্থী ও ওয়ার্ড কাউন্সিলার প্রার্থীদের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিতে হবে।
ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নাগরিক সমাবেশগুলো সফল করতে তিনি দলের সব পর্যায়ের দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
কেএন/