© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউরোপে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র আছে ইরানের: ট্রাম্প

শেয়ার করুন:
ইউরোপে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র আছে ইরানের: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৫ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
ইরানের কাছে ইউরোপে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে সেখানে ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ ঘটে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ফোনে আলাপকালে এক প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন।

ইরানের সক্ষমতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তাদের (ইরানের) ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে। আমাদের (যুক্তরাষ্ট্র) পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা না থাকলেও, ইউরোপে আঘাত হানার সক্ষমতা তাদের আছে।’

ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা না ফিরলে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক হামলা চালাতে পারে ইরান। আর এমন পরিস্থিতিতে একটি ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ ঘটে যেতে পারে।

তবে ইরানের কাছে এখনো কোনো পারমাণবিক অস্ত্র থাকার প্রমাণ পাওয়া যায়নি। দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী একটি রাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের তেল আমাদের দরকার নেই। আমাদের প্রয়োজন মধ্যপ্রাচ্যে শান্তি।’

ইরানের শীর্ষ নেতাদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘আমি তাদের চিনেছি। সত্যি বলতে, তারা উন্মাদ। সত্যিই উন্মাদ। এ কারণেই আমরা তাদের হাতে কোনো পারমাণবিক অস্ত্র যেতে দেব না।’

মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের রক্ষা করার মতো যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত তাদের সমর্থন দিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।


আরআই/

মন্তব্য করুন