© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোহিঙ্গা গণহত্যার রায় মানবে না মিয়ানমার, জানালেন মিন অং হ্লাইং

শেয়ার করুন:
রোহিঙ্গা গণহত্যার রায় মানবে না মিয়ানমার, জানালেন মিন অং হ্লাইং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪২ এএম | ২৭ নভেম্বর, ২০২৬
রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় মানতে নারাজ মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেছেন, আদালতের দেওয়া যেসব নির্দেশনা গ্রহণযোগ্য নয়, সেগুলো বাস্তবায়ন করবে না তাঁর সরকার।

মিন অং হ্লাইং বলেন, ‘দায়িত্বশীল দেশ হিসেবে আমরা প্রয়োজনীয় মনে করি, এমন পদক্ষেপ নেব। তবে যেসব পদক্ষেপ অনুসরণ করা উচিত নয়, সেগুলো মানব না।’

গত ১৯ নভেম্বর রোহিঙ্গা গণহত্যার মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রায় দেন আন্তর্জাতিক বিচার আদালত। ২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

রায়ে মিয়ানমারকে কয়েকটি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকানো এবং গণহত্যাকে অপরাধ হিসেবে গণ্য করে আইন প্রণয়ন করা।

মিন অং হ্লাইং আদালতের রায়কে মিয়ানমারের জাতীয় মর্যাদার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন। তিনি গাম্বিয়ার করা মামলাটিকে একপক্ষীয় অভিযোগ হিসেবেও অভিহিত করেন। ২০১৬-১৭ সালে রাখাইনে সেনা অভিযানের সময় তিনি দেশটির সেনাপ্রধান ছিলেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার পর তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগও রয়েছে।

তবে আন্তর্জাতিক বিচার আদালতের রায় আইনগতভাবে বাধ্যতামূলক। আইন বিশেষজ্ঞদের মতে, রায়ের কোনো অংশ মানা হবে আর কোনো অংশ মানা হবে না—এভাবে বেছে নেওয়ার সুযোগ নেই।

মানবাধিকার আইনজীবী জার লি আয়ে ইরাবতীকে বলেন, ‘এটি আন্তর্জাতিক আদালতের চূড়ান্ত রায়—কোনো বিবৃতি, সুপারিশ বা নির্দেশনা নয়।’

তিনি জাতিসংঘ সনদের ৯৪(১) অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় মানতে জাতিসংঘের প্রতিটি সদস্যরাষ্ট্র আইনগতভাবে বাধ্য। মিয়ানমার রায় বাস্তবায়ন না করলে দেশটি আরও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হতে পারে।

এদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়েছে পশ্চিমা ও আঞ্চলিক বিভিন্ন দেশ, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের কর্মকর্তারা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। তাদের মতে, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

রায় বাস্তবায়নে মিয়ানমারের ওপর চাপ তৈরির লক্ষ্যে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স ও যুক্তরাজ্য রুদ্ধদ্বার বৈঠকের অনুরোধ জানায়। তবে ওই বৈঠকের ফলাফল তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আদালতের রায় প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের দাবি, বিচারকদের ভিন্নমত থাকায় রায়টি সর্বসম্মতভাবে দেওয়া হয়নি। ৯-৬ ভোটে রায়টি দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেছে তারা।

তবে এই রায়ের ফলে আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের অবস্থানে কী প্রভাব পড়বে, তা এখনো স্পষ্ট নয়। মিয়ানমারের রাজনৈতিক গবেষক সাই কিয়ি জিন সো বলেন, স্বল্প মেয়াদে আইসিজের রায়ের সরাসরি প্রভাব হয়তো দেখা যাবে না। তবে মিয়ানমার কীভাবে রায়টি মোকাবিলা করে এবং কতটা বাস্তবায়ন করে, তার ওপর বিভিন্ন দেশের প্রতিক্রিয়া নির্ভর করবে। সূত্র: দ্য ইরাবতী

একেএস

মন্তব্য করুন