© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুয়েতে হামলার দায় অস্বীকার, ষড়যন্ত্রের আভাস দেখছে ইরান

শেয়ার করুন:
কুয়েতে হামলার দায় অস্বীকার, ষড়যন্ত্রের আভাস দেখছে ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৩ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
কুয়েতে একটি স্থাপনায় হামলার ঘটনায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় ইরানকে দায়ী করেছে ইতালি ও কুয়েত। তবে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। এ ধরনের হামলার পেছনে শত্রুদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলেও মনে দেশটি।

নিহত দুই ইতালীয় নাগরিক জার্মান অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইনমেটালের হয়ে কারিগরি কর্মী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে বৃহস্পতিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে আসা বেশ কয়েকটি ড্রোন শনাক্ত ও প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হন। আহতদের মধ্যে দুই ইতালীয় নাগরিক ছাড়াও একজন কুয়েতি ও একজন পাকিস্তানি নাগরিক ছিলেন।

তবে হামলার দায় অস্বীকার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ঘটনাটি ‘সন্দেহজনক’ মনে হচ্ছে। এর প্রকৃত কারণ নির্ধারণে কুয়েত ও ইতালির সঙ্গে কাজ করবে তেহরান।

বৃহস্পতিবার ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে নিহতদের জন্য শোক প্রকাশ করেন আরাঘচি। একই সঙ্গে ঘটনাটিকে যুদ্ধের জন্য ‘আগে থেকে তৈরি করা ছক’ বলে মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবোলফজল শেখারচি বলেন, ইরান কুয়েতে কোনো ধরনের সামরিক বা আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেনি।

ঘটনাটি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি

এমআই/


মন্তব্য করুন