© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় চলন্ত বাসেই সন্তান প্রসব নারীর, এগিয়ে এলেন সহযাত্রী ও স্টাফরা

শেয়ার করুন:
কুমিল্লায় চলন্ত বাসেই সন্তান প্রসব নারীর, এগিয়ে এলেন সহযাত্রী ও স্টাফরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৫ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসের মধ্যেই সন্তান প্রসব করেছেন এক নারী। এ সময় বাসের যাত্রী, চালক ও স্টাফরা সহযোগিতা করেন। এ ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইদি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চাঁদপুরের ওয়‍্যারলেস এলাকা থেকে স্বামী ও দুই সন্তানকে নিয়ে বাসে ওঠেন ওই নারী। পথে জগৎপুর বাজার পার হওয়ার পর তার স্বামী বাসচালকের কাছে সামনে কোনো হাসপাতাল আছে কি না জানতে চান। চালক তাকে মুদাফরগঞ্জ বাজারে হাসপাতাল থাকার কথা জানান।

পরে বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই ব্যক্তি চালককে বাস থামানোর অনুরোধ করেন। তিনি জানান, তার স্ত্রীর প্রসবব্যথা শুরু হয়েছে। পরিস্থিতি বুঝতে পেরে বাসের কয়েকজন যাত্রী সহযোগিতায় এগিয়ে আসেন। পরে বিজরা বাজারে বাস থামিয়ে পাশের একটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়।

হাসপাতালের নার্সদের নিয়ে বাসে ফিরে এসে তারা দেখতে পান, ওই নারীর প্রসবপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। পরে প্রয়োজনীয় সহযোগিতায় বাসের মধ্যেই নবজাতকের জন্ম হয়।
এদিকে, প্রসবের কারণে বাসটি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় চালক ও স্টাফদের কিছুটা অসুবিধা হলেও যাত্রীদের অনুরোধে তারা অপেক্ষা করেন। পরে আইদি পরিবহন কর্তৃপক্ষ অন্য একটি বাসের ব্যবস্থা করে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়।

সংকটময় মুহূর্তে এক মায়ের পাশে দাঁড়িয়ে যাত্রীদের সহযোগিতা এবং পরিবহনসংশ্লিষ্টদের মানবিক ভূমিকার বিষয়টি প্রশংসা পেয়েছে।

আইদি পরিবহনের মালিকপক্ষের মামুনুর রশিদ বলেন, বিষয়টি আমি শুনেছি। আমরা খুবই আনন্দিত।

এফআর/

মন্তব্য করুন