শাহরুখপুত্রের সঙ্গে সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙলেন ব্রাজিলিয়ান অভিনেত্রী
ছবি: সংগৃহীত
০৯:০৩ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন চলছে ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির। এবার সেই গুঞ্জনের মাঝেই খান পরিবারের সঙ্গে নিজের ঘনিষ্ঠতা ও আরিয়ানের ব্যক্তিত্ব নিয়ে কথা বললেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম ‘বোম্বে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে লারিসা জানান, খান পরিবার তার কাছে নিজের পরিবারের মতোই। তিনি বলেন, ‘খান পরিবার আমার কাছে পরিবারের মতো। জীবনে তারা যা অর্জন করেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। মানুষ হিসেবেও তাদের আমি সম্মান করি। তাদের সহযোগিতা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুত্বই সবকিছু, আর এই সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকে।’
সাক্ষাৎকারে আরিয়ানের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি সরাসরি স্বীকার বা অস্বীকার করেননি লারিসা। তবে আরিয়ানের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করে তিনি বলেন, ‘আরিয়ান খুব ভালো মানুষ। সে বুদ্ধিমান ও দৃঢ়প্রতিজ্ঞ। অনেকে বলে, তার তো সবকিছুই আছে। কিন্তু সে নিজের লক্ষ্য নিয়ে লড়াই করছে। নিজের ভবিষ্যৎ এবং বিশ্বাসের জায়গাগুলোর জন্য চেষ্টা করে যাচ্ছে। আমার বিশ্বাস, সে সফল হবে।’ পাশাপাশি ভবিষ্যতে আরিয়ানের পরিচালনায় কাজ করার ইচ্ছার কথাও জানান তিনি।
৩১ বছর বয়সী লারিসা বোনেসি ১৬ বছর আগে ব্রাজিল থেকে ভারতে আসেন। তিনি ‘গো গোয়া গন’, ‘থিক্কা’, ‘রকেট রাজা’ ও ‘ঘাটি’ সিনেমায় অভিনয় করেছেন। ২০২৪ সাল থেকে আরিয়ান খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, অভিনয়ের বদলে পরিচালনায় আগ্রহী আরিয়ান খান ২০২৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘দ্য বা***ডস অব বলিউড’-এর মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এফআর/