ডা. শফিকুর রহমানবলেছিলাম জামায়াত কারও ওপর প্রতিশোধ নেবে না; বাংলাদেশ সাক্ষী, নিইনি
ছবি: সংগৃহীত
১১:১০ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ‘কারও ওপর প্রতিশোধ নেয়নি’ বলে দাবি করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, ‘আমরা বলেছিলাম- দল হিসেবে জামায়াতে ইসলামী কারও ওপর কোনো প্রতিশোধ নেবে না। বাংলাদেশ সাক্ষী, আমরা কারও ওপর কোনো প্রতিশোধ নিইনি।’ ‘অনেকে শত শত আসামি দিয়ে মামলা করেছে’- উল্লেখ করে জামায়াত আমির বলেন, তার দলের অনেক নেতাকর্মীকে গুম-খুন ও নির্যাতনের শিকার হলেও তারা তা করেননি।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যদি ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ নির্ধারণ করি, তাহলে আরও অনেক বিষয় সামনে আসবে। চামড়ার রং আসবে, মুখের ভাষা আসবে। একটি দেশ ও সমাজ যদি এভাবে বিভিন্নভাবে বিভক্ত হয়ে যায়, তাহলে সেই দেশ ও সমাজ টেকসইভাবে গড়ে উঠতে পারবে না এবং সবার প্রতি ইনসাফ করতে পারবে না। এসবের ঊর্ধ্বে থাকতে হবে।’
সবার সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে জামায়াত আমির বলেন, ‘সবাই যেন তার ধর্মীয় অধিকার এবং যত ধরনের নাগরিক ও মানবিক অধিকার আছে, সমানভাবে ভোগ করা উচিত। এখন বলবেন, এর প্রমাণ কী? আপনাদেরকে তো এর পক্ষে আমরা অ্যাডভোকেসি করতে দেখি না। আমরা মুসলমানদের পক্ষেও বলি না, হিন্দুদের পক্ষেও বলি না, খ্রিস্টানদের পক্ষেও বলি না, বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষেও বলি না। আমরা মানুষের অধিকারের পক্ষে কথা বলি। সবাইকে একই দৃষ্টিতে দেখতে চাই।’
৫ আগস্টের পর জামায়াতের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘৫ তারিখ বিপ্লব হওয়ার পরের দিন থেকে অনেকে বিভিন্ন কাজে যুক্ত হয়েছেন। আমরা কী কাজে যুক্ত হয়েছিলাম? আমরা মসজিদ, মাদ্রাসা, মন্দির, মঠ ও চার্চ পাহারা দেওয়ার কাজে যুক্ত হয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘কেন? মুসলমানরা তো এই দেশে ৯১ শতাংশ। তাহলে মসজিদ পাহারা দিতে হবে কেন? এখানে কেউ নাশকতা করতে পারে, আমাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করার জন্য। এ জন্য সেটাকেও আমরা বিবেচনায় নিয়েছিলাম। ১৫ দিন এই রাষ্ট্রে কোনো পুলিশ ছিল না।’
জামায়াত আমির বলেন, ‘আমরা শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বলেছিলাম, ভালনারেবল সমাজের কেউ যদি আমাদের সহায়তা চান, তাহলে তার বাড়ির পাহারাদার হয়েও আমরা কাজ করব। আমরা সেটা করেছি।’
প্রতিশোধ না নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা বলেছিলাম, দল হিসেবে জামায়াতে ইসলামী কারও ওপর কোনো প্রতিশোধ নেবে না। বাংলাদেশ সাক্ষী, আমরা কারও ওপর প্রতিশোধ নিইনি। আমরা বলেছিলাম, যারা ভুক্তভোগী এবং ভুক্তভোগী পরিবারের সদস্য, তারা যদি তাদের ওপর হওয়া জুলুমের আইনি প্রতিকার চান, সে ক্ষেত্রে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের অবস্থান এখনো তাই।’
নিজেদের নেতাকর্মীদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের অনেক লোককে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে অনেক কিছু করা হয়েছে। কিন্তু আমরা সারা বাংলাদেশে কয়টি মামলা কার বিরুদ্ধে করেছি?’
তিনি বলেন, ‘আমরা আমাদের লোকদের বলেছি, যারা আমাদের অনুসারী, আপনি যদি ভুক্তভোগী হন বা ভুক্তভোগী পরিবারের সদস্য হন, অবশ্যই আইনি প্রতিকার চাওয়ার অধিকার আপনার আছে। কিন্তু সাবধান, একজন নিরীহ মানুষকে মামলার আসামি করা যাবে না। একজন আসামি যদি একজনই হয়ে থাকেন, তাহলে একজনের নামেই মামলা করতে হবে। দ্বিতীয় কাউকে টানা যাবে না। অনেকে শত শত আসামি দিয়ে মামলা করেছেন, আমরা তা করিনি।’
এমআই/