© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন বিমানবাহিনীর নিজস্ব ডেটা ভান্ডারে হ্যাকারদের সাইবার হামলা

শেয়ার করুন:
মার্কিন বিমানবাহিনীর নিজস্ব ডেটা ভান্ডারে হ্যাকারদের সাইবার হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৫ এএম | ২৮ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ক্লাউড ওয়ান-এ অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই সাইবার হামলার ফলে মার্কিন বিমানবাহিনীর বিপুল পরিমাণ স্পর্শকাতর কৌশলগত তথ্য, কর্মীদের নথিপত্র এবং রসদ সরবরাহের (লজিস্টিকস) তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।

সূত্রগুলো জানায়, গত এক মাসের মধ্যে সিস্টেমটি হালনাগাদ করার সময় এই অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। তবে হ্যাকারদের পরিচয়, হামলার প্রকৃত ব্যাপ্তি বা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে মার্কিন সামরিক বাহিনীর সাইবার ইউনিট সাইবার কমান্ড-কে ডাকা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর অন্যতম বৃহৎ এই প্ল্যাটফর্মটি হ্যাক হওয়ার ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখা হচ্ছে। একটি সূত্রের ভাষ্য, এখানে অনুপ্রবেশের ঘটনা অনেক বড় ব্যাপার।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলোর মতে, একটি সফটওয়্যার দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা প্ল্যাটফর্মটির কন্ট্রোল প্লেন বা মূল নিয়ন্ত্রণ অংশে ঢুকে পড়ে। এটি অনেকটা ইউনিভার্সাল রিমোটের মতো কাজ করে, যার মাধ্যমে তাত্ত্বিকভাবে সামরিক বিমানের পরিচালন অবস্থা বা খুচরা যন্ত্রাংশের গতিবিধি দেখা সম্ভব। যদিও হ্যাকাররা সেটি করেছে কি না, তা স্পষ্ট নয়। এই ঘটনার পর প্ল্যাটফর্মটির কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটেছে। নতুন অ্যাপ্লিকেশন যুক্ত করার কাজ ও চলমান অ্যাপগুলোর আপডেট বন্ধ রাখা হয়েছে এবং কয়েকজন ব্যবহারকারীর অ্যাডমিনিস্ট্রেটর সুবিধা বাতিল করা হয়েছে।

২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানে মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মাধ্যমে কর্মীদের তথ্য ও বেতন-ভাতা থেকে শুরু করে উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা রাডার তথ্য এবং বিশ্বের দুই শতাধিক স্থাপনায় থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখা হয়। তবে এ বিষয়ে সরাসরি কিছু বলতে রাজি হয়নি মার্কিন বিমানবাহিনী। এক বিবৃতিতে তারা বলেছে, 'নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তা অবস্থান, দুর্বলতা কিংবা পরিচালন পরিস্থিতি নিয়ে আমরা মন্তব্য করি না। বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও মিশনের সক্ষমতা রক্ষায় আমরা নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে থাকি।' সূত্র: রয়টার্স

একেএস

মন্তব্য করুন