ঢাকায় থাকা গোপালগঞ্জের বাসিন্দাদেরও মোবাইল ব্যাংকিং বন্ধ
ছবি: সংগৃহীত
১০:৩১ এএম | ২৮ নভেম্বর, ২০২৬
শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জে নয়, মোবাইল ব্যাংকিং বন্ধের গ্যাঁড়াকলে পড়েছেন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বসবাসকারী এই জেলার বাসিন্দারা। যারা গোপালগঞ্জের ঠিকানা ব্যবহার করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলেছেন, তাদের প্রায় সবার অ্যাকাউন্টই আপাতত বন্ধ হয়ে গেছে।
১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা জানিয়ে শেখ হাসিনার ঘোষণার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউনসহ নানা কর্মসূচি দিয়েছে। এর মধ্যে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন এবং গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে গোপালগঞ্জে। সেখানে দুটি থানা এবং তিনজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
রোববার ও সোমবারের লকডাউনের আগে গত বুধবার থেকে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের খবর পাওয়া যাচ্ছে। তবে সরকার বা মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো এ বিষয়ে কোনো স্পষ্ট কারণ জানায়নি। গ্রাহকরা জানতে চাইলেও কোনো জবাব পাচ্ছেন না।
একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে বলেন জানান, বুধবার রাতে সব কোম্পানির প্রতিনিধিদের ডেকে গোপালগঞ্জের অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
ঢাকায় থাকা গোপালগঞ্জের বেশ কয়েকজনও এই ভোগান্তিতে পড়েছেন। তাদের একজন রাজধানীর নিউ ইস্কাটনের বাসিন্দা ও জ্যেষ্ঠ সাংবাদিক রহমান মাসুদ।
ক্ষোভ প্রকাশ করে তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন বলেন, ‘এটা মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো অবস্থা। আমরা যেমন কোনো সহিংসতা মেনে নেব না, তেমনি এটাও মানতে পারি না। ব্যাংকিং মানুষের জীবনের জরুরি অংশ। অনেকে বিকাশে বেতন রাখেন। মাসের শেষে কারও কাছে হয়তো সামান্য টাকা থাকে, তারা এমনিতেই কষ্টে আছেন।’
ঢাকার মিরপুরে থাকা গোপালগঞ্জের বাসিন্দা ইয়াসমিন কেয়ার বিকাশ অ্যাকাউন্টও সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। অথচ তার স্বামী সাহেগীর জুয়েলের বাড়ি গোপালগঞ্জে না হওয়ায় তার অ্যাকাউন্ট সচল আছে।
জুয়েল জানান, বুধবার রাতে ফেসবুকে তিনি দেখেন, গোপালগঞ্জের ভোটারদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে। তিনি বলেন, ‘মজা করে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তার অ্যাকাউন্ট ঠিক আছে কি না। দেখি তিনি লগ-ইনই করতে পারছেন না।’
আধা ঘণ্টা পরপর ফোন রিস্টার্ট করেও কাজ হয়নি। পরদিন সকালে কাজীপাড়ায় থাকা শাশুড়িকে ফোন করে জুয়েল জানতে পারেন, তাদের অ্যাকাউন্টও বন্ধ। স্ত্রীর কাজিনদের কারও অ্যাকাউন্ট বন্ধ, কারওটা চালু। কাস্টমার কেয়ারে ফোন করেও কোনো কারণ জানা যায়নি। পরে স্ত্রীর ফোনে মেসেজ আসে, এমএফএস নীতিমালা অনুযায়ী অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং এই মুহূর্তে কিছু করার নেই।
সরকারি চাকরিজীবীরাও বাদ যাননি। রংপুর বিভাগে কর্মরত এক সাব-রেজিস্ট্রার জানান, তার নগদ অ্যাকাউন্ট চালু থাকলেও বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। কারণ তিনিও গোপালগঞ্জের ঠিকানায় অ্যাকাউন্ট খুলেছেন।
‘আমার মা ওষুধ কেনার টাকা কোথায় পাবেন?’
গ্রামের অসুস্থ মাকে টাকা পাঠাতে রহমান মাসুদ মূলত বিকাশ ব্যবহার করেন। অ্যাকাউন্ট বন্ধ থাকায় তিনি মাকে নিয়ে দুশ্চিন্তায় আছেন। তিনি বলেন, ‘টাকা পাঠানো বন্ধ থাকলে আমার মা ওষুধ কেনার টাকা কোথায় পাবেন?’
গোপালগঞ্জ শহরের বটতলা রোডের সুমন বিশ্বাসও একই বিপদে পড়েছেন। তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন বলেন, ‘মা অসুস্থ। বড় বোন মায়ের ওষুধের জন্য আমার নম্বরে ৫ হাজার টাকা পাঠিয়েছিলেন। তুলতে গিয়ে দেখি অ্যাকাউন্ট বন্ধ। পরে প্রতিবেশীর কাছ থেকে ৩ হাজার টাকা ধার করে ওষুধ কিনেছি।’
লঞ্চঘাট এলাকার কয়েকটি বিকাশ ও নগদ এজেন্টের দোকানে ঘুরেও টাকা তুলতে পারেননি মো. আসলাম মোল্লা। তিনি বলেন, ‘ঢাকা থেকে বড় ভাই বিকাশে ৩ হাজার টাকা পাঠিয়েছেন। টাকাটা খুব দরকার। এখন কী করব বুঝতে পারছি না।’
শুক্রবার গোপালগঞ্জ শহরের বটতলা, লঞ্চঘাট, বাজার রোড ও কোর্ট এলাকার বিকাশ, নগদ ও রকেটের এজেন্ট দোকানে ভিড় জমে যায়। যাদের অ্যাকাউন্ট চালু আছে, তারাও পরে বন্ধ হয়ে যাওয়ার ভয়ে টাকা তুলে নিচ্ছেন। এতে এজেন্ট দোকানে চাপ বেড়েছে।
কালীবাড়ি রোডের বাসিন্দা অসীম বিশ্বাস ভাই ভাই টেলিকম থেকে টাকা তুলেছেন। তিনি বলেন, ‘অ্যাকাউন্টে ৫ হাজার ৫০০ টাকা ছিল। এখন দরকার না থাকলেও সব তুলে নিয়েছি। পরে বন্ধ হলে বিপদে পড়ব।’
এজেন্টদের ভাষ্য, ক্যাশ-আউটের ডিজিটাল টাকা তুলতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। ফলে দোকানে নগদ টাকার সংকট তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান দেশের একটি গণমাধ্যমকে বলেন বলেন, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ যেসব অ্যাকাউন্টের লেনদেন সন্দেহজনক মনে করেছে, সেগুলো সীমিত বা বন্ধ করা হয়েছে। এটি শুধু গোপালগঞ্জ বা বগুড়ার বিষয় নয়। উপযুক্ত মনে করলে বিএফআইইউ বিধিনিষেধ তুলে নেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সাদিক হাসান বলেন, সহিংসতায় অর্থায়নের আশঙ্কায় সরকার এমন পদক্ষেপ নিতে পারে। তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন বলেন, ‘তবে সরকার এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি, যা দায় এড়ানোর সুযোগ তৈরি করে। কেন এবং কত দিনের জন্য সেবা বন্ধ রাখা হচ্ছে, তা সরকারের স্পষ্টভাবে জানানো উচিত।’
মোবাইল ব্যাংকিংয়ের বাইরেও নানা কড়াকড়ি
গত ১৭ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দেয়। এক সপ্তাহের মধ্যে মুকসুদপুর থানা এবং বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়িতেও আগুন দেওয়া হয়।
এসব ঘটনার পর থেকে গোপালগঞ্জে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন সরকারি বরাদ্দ আটকে রাখার খবরও এসেছে। এসব বিষয়ে সরকার কোনো ব্যাখ্যা দেয়নি।
গোপালগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে বারবার ফোন করা হলেও তারা ধরেননি।
এদিকে, বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ওজোপাডিকো বৃহস্পতিবার সতর্কবার্তা দিয়েছে। বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের গাড়ি ও কর্মীদের ওপর রাজনৈতিক হামলা হলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কেএন/