সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে অসুস্থ পর্যটকের মৃত্যু
ছবি: সংগৃহীত
১১:১১ এএম | ২৮ নভেম্বর, ২০২৬
সেন্টমার্টিন দ্বীপে চিংড়ি মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে মো. ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য স্পিডবোটে করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে দুপুরের খাবার খাওয়ার সময় এ ঘটনা ঘটে। মৃত মো. ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রূপগঞ্জ মাঝিপাড়া গ্রামের বাসিন্দা।
কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহাবুব আলম এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, ইব্রাহিমের আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল। শুক্রবার দুপুরে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে খাবার খাওয়ার সময় চিংড়ি মাছ খাওয়ার পর তিনি হঠাৎ অস্থিরতা অনুভব করতে থাকেন। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শ্বাসকষ্ট শুরু হয়।
পরে তিনি দ্রুত সেন্টমার্টিন ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে যান এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছে শ্বাসকষ্টের কথা জানান। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেন।
এরপর বেলা ৩টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে স্পিডবোটে করে তাকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৪টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এফআর/