আমার দিকে বোমা ছুড়লেও ভালোবাসাই দেব: দিলজিৎ
ছবি: সংগৃহীত
০৩:২৬ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
ভারতের মুম্বাইয়ে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে বোমা হামলার হুমকির খবর ঘিরে উদ্বেগ তৈরি হয়। তবে এতে দমে যাননি গায়ক; বরং নিজের কনসার্টে উপস্থিত দর্শকদের উদ্দেশে হুমকিদাতাদের জবাব দিয়েছেন। বলেছেন, তার দিকে বোমা ছুঁড়ে এলেও ভালোবাসা দেবেন।
সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক কনসার্টে এমন প্রতিক্রিয়া জানান এই গায়ক।
নিজের স্বভাবসুলভ রসিকতার ভঙ্গিতে ‘আমচি মুম্বাই’ বলে শহরবাসীকে শুভেচ্ছা জানান দিলজিৎ। এরপর হুমকির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দিলজিৎকে বোমা মেরে উড়িয়ে দেবে? বাহ! তাদের উদ্দেশ্য একটাই, দিলজিতের শোতে যেন মানুষ না আসে। ভয় দেখিয়ে, হুমকি দিয়ে কিংবা যেকোনো উপায়ে তাদের আটকে রাখতে চায়।’

এরপর ছন্দ মিলিয়ে তিনি বলেন, ‘শহরে এখন বারুদের মৌসুম, গ্রামে চলো- সেখানে পেয়ারা পাকার সময়।’ হুমকিদাতাদের উদ্দেশে ভালোবাসার বার্তা দিয়ে দিলজিৎ আরও বলেন, ‘আমার পক্ষ থেকে আপনাদের জন্য ভালোবাসা। আপনারা চাইলে আমার দিকে বোমা ছুড়তে পারেন, তবু আপনাদের প্রতি আমার ভালোবাসাই থাকবে।’
কথা বলতে গিয়ে নিজের শেকড়ের প্রসঙ্গও তুলে ধরেন এই গায়ক। তিনি বলেন, গ্রামের মাটির গন্ধ তার গানেও রয়েছে। তার ভাষায়, ‘আমার কোনো গান হয়তো আপনাদের বুঝতে হবে না, কিন্তু সেই গানের মধ্যে যে মাটির গন্ধ রয়েছে, তা ঠিকই অনুভব করতে পারবেন।’
এই কনসার্টে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতেও সন্তোষ প্রকাশ করেন দিলজিৎ। ভেন্যুর ভেতরে ও বাইরে জড়ো হওয়া ভক্তদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নিরাপত্তা ও আয়োজনের দায়িত্বে থাকা মুম্বাই পুলিশকেও কৃতজ্ঞতা জানান তিনি।
এসএ/