© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক বিজিবি

শেয়ার করুন:
ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক বিজিবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১২ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে গুজব, অপতৎপরতা ও সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হিলি সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে চেকপোস্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় সেক্টর কমান্ডার বলেন, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল ও নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের কোনো বাস্তব প্রতিফলন কিংবা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবি সর্বদা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অস্থিতিশীল বা নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য সীমান্তের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত ও জোরদার করা হয়েছে।

নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে সীমান্তে থার্মাল ডিভাইস স্থাপন, ডগ স্কোয়াড ও আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে।

দেশের সীমান্তের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

এসএ/

মন্তব্য করুন