© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিরপুরে মুশফিকের নামে হবে গ্যালারি, ‘১৫’ নম্বর জার্সিও যাবে অবসরে

শেয়ার করুন:
মিরপুরে মুশফিকের নামে হবে গ্যালারি, ‘১৫’ নম্বর জার্সিও যাবে অবসরে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০১ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
বাংলাদেশের হয়ে সবচেয়ে লম্বা ক্যারিয়ার এখন মুশফিকুর রহিমের। টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে অবসর নিলেও খেলে যাচ্ছেন টেস্টে। তবে আর তিন মাস পর সাদা জার্সিতেও দেখা যাবে না তাকে। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাবেন তিনি। বিসিবি সভাপতি তামিম ইকবাল আজ বোর্ড সভা শেষে এই কথা জানিয়েছেন।

এদিকে বিশ্বস্ত সূত্রে দেশের একটি গণমাধ্যম নিশ্চিত হতে পেরেছে যে, মুশফিকের ১৫ নম্বর জার্সিকে বিসিবি সম্মান দেখিয়ে তুলে রাখতে চায়। এই ১৫ নম্বর জার্সি আর কারো গায়ে উঠবে না। এছাড়া মিরপুরে শেরে-ই বাংলার মাঠে একটি গ্যালারি হবে মুশফিকের নামে।

মুশফিককে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা আদর্শ হিসেবে উল্লেখ করে তামিম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য তার অবদানের স্বীকৃতি দিতে চাই আমরা। সে অনেক অনেক ক্রিকেটারের, অনেক শিশুর আদর্শ। বিসিবির পক্ষ থেকে মুশফিকের জন্য বড় একটি উদযাপনের আয়োজন থাকবে। সময়ের সঙ্গে আরও কিছু বিষয় আপনারা জানতে পারবেন।’

এখন থেকে বিদায়ী টেস্ট পর্যন্ত মুশফিকের ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো সামনে আনার আহ্বান জানিয়েছেন তামিম, ‘এখন থেকে ফেব্রুয়ারিতে টেস্ট ম্যাচটি শুরু হওয়া পর্যন্ত আমরা শুধু মুশফিকের সুন্দর স্মৃতিগুলো, বাংলাদেশের ক্রিকেটের জন্য তার ভালো ও অসাধারণ অবদানগুলো মনে করতে চাই। বিসিবি, গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্য-সবাই মিলে তার স্মরণীয় মুহূর্তগুলো ফিরিয়ে আনতে চাই।’

এমআর/ 

মন্তব্য করুন