জিদানের সঙ্গে ‘প্রজন্মের অন্যতম সেরা’ বেলিংহ্যামের তুলনায় নারাজ মরিনিয়ো
ছবি: সংগৃহীত
০৪:৫০ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয় দল ও ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ সময় কাটাচ্ছেন জুড বেলিংহ্যাম। এই ইংলিশ মিডফিল্ডারকে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মন্তব্য করেছেন রিয়াল কোচ হোসে মরিনিয়ো। এরপরই ক্লাব কিংবদন্তি জিনেদিন জিদানের সঙ্গে তুলনার প্রসঙ্গ ওঠে। যা পছন্দ করেননি ‘স্পেশাল ওয়ান’খ্যাত এই পর্তুগিজ কোচ।
মাদ্রিদে জিদানের ৫ নম্বর জার্সি পরা বেলিংহ্যাম গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে দলের ৫-১ ব্যবধানের জয়ে দুর্দান্ত একটি গোল করেছেন। এর মধ্য দিয়ে মৌসুমের শুরু থেকেই নিজের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন তিনি। যার সুবাদে লা লিগার টেবিলেও শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমে এসেছে চিরপ্রতিদ্বন্দ্বীদের।
বেলিংহ্যামকে জিদানের সঙ্গে তুলনা করা বা তাদের মধ্যে র্যাঙ্কিং করার বিষয়ে প্রশ্ন করা হলে মরিনিয়ো বলেন, ‘আমি বিভিন্ন প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে তুলনা করতে পছন্দ করি না। জিদান ছিলেন তার প্রজন্মের বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। জুডও ইতোমধ্যে তার প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তুলনা করতে পছন্দ করি না।’
চলতি মৌসুমে লা লিগায় রিয়ালের হয়ে সবচেয়ে বেশি সময় মাঠে থাকা ফুটবলারদের একজন বেলিংহ্যাম। তিনি ১০৪৭ মিনিট এবং সর্বোচ্চ ১১৬৩ মিনিট খেলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এ নিয়ে রিয়াল মাদ্রিদের কোচ বলেন, ‘কেবলমাত্র নাম কিংবা দলে ভূমিকার জেরে কিলিয়ান এবং জুড এত সময় মাঠে ছিলেন না। কারণটা তাদের পারফরম্যান্স। তাদের পারফরম্যান্স যদি অন্য কোনো খেলোয়াড়ের সামর্থ্যের সঙ্গে তুলনা না করা যায়, তবে সেটাই পার্থক্যটা বলে দেয়। জুডকে নিয়ে খেলা আর তাকে ছাড়া খেলার মধ্যে যে পার্থক্য, তা আমরা অনুভব করতে পারি।’
পিএসভির বিপক্ষে সর্বশেষ জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোসরা। তবে এখনই নিজের দলকে প্রতিযোগিতাটির ফেভারিটদের কাতারে রাখছেন না মরিনিয়ো, ‘এখন বলাটা বেশ দ্রুত হয়ে যায়। আমরা জানি না গুরুত্বপূর্ণ মুহূর্তে দল কোথায় থাকে, নকআউটে। যাতে আমাদের প্লে-অফ খেলতে না হয়– সেটাই এই মুহূর্তে আমার ভাবনায় আছে।’
সবমিলিয়ে টানা দশ ম্যাচে জয়রথ ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। আজ (শনিবার) দিবাগত রাতে তারা লা লিগায় আলাভেসের মুখোমুখি হবে। অসুস্থতার জন্য ম্যাচটিতে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড থাকবেন না বলে জানিয়েছেন রিয়াল কোচ। এ ছাড়া জানুয়ারির উইন্ডোতে ইংলিশ ডিফেন্ডারকে রাখা কিংবা দলবদল প্রসঙ্গ উঠলে মরিনিয়ো বলেন, ‘আমি চাই না কেউ দলে আসুক কিংবা ছেড়ে যাক। দু’দিক থেকেই দরজাটা বন্ধ…আমি (দলবদলের) মার্কেট নিয়ে খবর দেখতে চাই না। কারণ আমি তেমন কিছু চাই না এখন।’
এফআর/