© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

শেয়ার করুন:
ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৩ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা। তাদের একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে ফোন করে হুমকি দেন। অপরজন ফেসবুক লাইভে এসে তিন দিনের আলটিমেটাম দিয়ে হুমকি দেন।

এদিকে শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, হুমকির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ওসিকে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম। আর ফেসবুক লাইভে এসে হুমকি দিয়েছেন উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা। মাহিম পৌরসভার কলচমা এলাকার এবং রানা করপাড়া গ্রামের বাসিন্দা। খোঁজ নিয়ে জানা গেছে, মাহিম প্রবাসে এবং রানা আত্মগোপনে আছেন। তাদের কল রেকর্ড ও ফেসবুক লাইভের ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। তবে কখন ও কোথা থেকে লাইভ ভিডিও এবং ফোনালাপের রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে অজ্ঞাত স্থান থেকে ওসির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে ফোন করেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহিম। একপর্যায়ে নিজের পরিচয় দিয়ে তিনি ওসিকে বলেন, ‘আপনার কনস্টেবল মেহেরাজ আমাদের লোকজনকে ধরে মারধর করে, এগুলো কি ঠিক? আপনারা যে এগুলো করতাছেন, কেন করতাছেন? আমাদের আওয়ামী লীগের লোকজনকে ধরে হেনস্তা করতেছেন, তাদের হুমকি-ধমকি দিতেছেন, এগুলো কেন ভাই? রাত হলে বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালাইতেছেন, এগুলো কেন ভাই? অলরেডি আপনার কনস্টেবল মেহেরাজ আওয়ামী লীগ, ছাত্রলীগের পোলাইপানরে অ্যারেস্ট করতাছে, তাদের মোবাইল রেখে দিতাছে, মারধর করতাছে। তার নামে অনেক অভিযোগ আছে। আপনারা চাকরি করেন, চাকরি করবেন। ক্ষমতা পরিবর্তনশীল, এটা আপনারাও জানেন, আমরাও জানি, ঠিক না? ৫ আগস্টের সময় পুলিশ হত্যা করেছে, আমরা পুলিশ হত্যার বিচার চাইছি, আমরা এখনো পুলিশকে সাপোর্ট করি। দারোগা-ওসি কালকেও বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালাইছে, বিশ্রি ভাষায় গালাগাল করছে।’

ওসি এসব অভিযোগের প্রমাণ চাইলে ছাত্রলীগ নেতা বলেন, ‘আপনি কি ফেসবুক চালান না, ফেসবুকে দেখেন না? রাতের বেলা আপনাদের পুলিশ আমাদের আওয়ামী লীগের লোকের ওপর ঝাঁপাইয়া পড়ে। আমি বলতে চাই, আপনারা যদি আমাদের আর একটা লোক ধরেন, বিএনপির কথা শুনে আমাদের একজন কর্মীকেও যদি ধরেন, রামগঞ্জ থানাসহ জ্বালায় দিমু। পুলিশ কার্যক্রম করবে, আমাদের আওয়ামী লীগের লোকজনকে কেন ধরবে? তাদের নামে কি কোনো ওয়ারেন্ট আছে? ওয়ারেন্ট ছাড়া, মামলা ছাড়া আপনারা লোক ধরেন। আমরা পলিটিক্স করি, সবকিছু বুঝি। রাতে থানার পুকুর থেকে কে মাছ মেরে নিয়ে যায়, এগুলোও আমাদের জানা আছে, বুঝছেন। আপনি সপ্তাহের ভেতর কয়বার মাইজদি যান, সেটাও আমাদের জানা আছে। নেক্সট টাইম যদি আমাদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীকে অ্যারেস্ট করেন, আপনাদের অবস্থা খারাপ হয়ে যাইবো এবার।’

একই দিন ফেসবুক লাইভে রামগঞ্জ থানার ওসিকে উদ্দেশ করে যুবলীগ নেতা আবু জাফর রানা বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আর একজন নেতা-কর্মীকেও যদি পুলিশ হয়রানি করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। ওসি, আপনাকে বলছি, এখনো সময় আছে। আপনি থাকবেন, আপনার পরিবারও থাকবে, কোথাও যেতে পারবেন না। আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে জয় বাংলার প্রতিধ্বনি হবে। পারলে আপনি ঠেকান। হয় আপনারা থাকবেন, না হয় আমরা থাকব।’

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ও পৌর বিএনপির তিন নেতা জানান, পলাতক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। আসন্ন স্থানীয় নির্বাচনে অংশ নিতে তারা দৌড়ঝাঁপ করছেন। স্থানীয় কিছু নেতার ছত্রছায়ায় থেকে তারা এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি দেওয়ার সাহস পাচ্ছেন।

এ বিষয়ে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অজ্ঞাত স্থান থেকে তারা এসব হুমকি-ধমকি দিচ্ছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমআই/

মন্তব্য করুন