বাগেরহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া
ছবি: সংগৃহীত
০৯:১৯ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষকে কেন্দ্র করে মোল্লাহাট সেতু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা টোল প্লাজাসংলগ্ন সেতুর ওপর এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় সমাবেশ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে সন্ধ্যায় মশাল মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে আসেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মোল্লাহাট সেতুর বাগেরহাট প্রান্তে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মশাল মিছিল নিয়ে সেতুর গোপালগঞ্জ প্রান্তে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। এসময় উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় জানা যায়নি।
সংঘর্ষের ঘটনায় সেতু ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
বাগেরহাট জেলার পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষ সরে গিয়েছে। পুলিশ মোতায়ন করা রয়েছে।
এমআর/