রাজশাহীর মাহফিলস্থলে উপস্থিত হয়েছেন আজহারী
ছবি: সংগৃহীত
০৮:২০ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠের মাহফিলস্থলে উপস্থিত হয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে তিনি মাহফিলস্থলে উপস্থিত হন। এরপর তিনি সাধারণের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি স্টেজে থাকা অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এরআগে বিকেলে তিনি ঢাকা থেকে বিমানযোগে রাজশাহী হযরত শাহ মুখদম বিমানবন্দরে অবতারণ করেন। এরপর সেখান থেকে সড়ক পথে রাজশাহী শহরে প্রবেশ করেন। আজ বাদ এশায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আজহারীর তাফসির মাহফিলে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। মাহফিলকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লিদের উপস্থিতি বাড়ছে। বিকেল তিনটার পরে মাহফিল শুরু হয়।
আয়োজক ওলামা-মাশায়েখ পরিষদ জানিয়েছে, মাহফিল আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে মাওলানা মিজানুর রহমান আজহারীর সন্ধ্যার পর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরআগে অন্যান্য ইসলামি বক্তা ও আলেমরা পবিত্র কোরআন ও ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
আয়োজকদের ধারণা, রাজশাহীতে অনুষ্ঠিতব্য এ মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে। তাদের আশা, এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসিরুল মাহফিলে পরিণত হবে।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
এমআই/