উদ্যোক্তা ঋণ না পেয়ে ফেসবুকে পদত্যাগের ঘোষণা ছাত্রদল নেতার
ছবি: সংগৃহীত
০১:৩৬ এএম | ২৯ নভেম্বর, ২০২৬
দলে মূল্যায়ন করা হচ্ছে না এবং সরকারি উদ্যোক্তা ঋণ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।
ভিডিও বার্তায় শামীম হোসেন জানান, স্বেচ্ছায় তিনি নিজ পদ থেকে পদত্যাগ করছেন এবং এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো মিছিল-মিটিং বা কর্মসূচিতে সম্পৃক্ত থাকবেন না। দলীয় কোনো প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন ‘আজকে থেকে চির সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।’
তরুণ উদ্যোক্তা হিসেবে পড়ালেখার পাশাপাশি বাড়িতে নানা জাতের কবুতর ও পাখি পালন করেন জানিয়ে শামীম হোসেন বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ঘোষিত স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ কর্মসূচিতে আবেদন করে তিনি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন এবং মৌখিক পরীক্ষায়ও অংশ নেন; তবে চূড়ান্ত তালিকায় নাম না থাকায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দলে সুবিধাভোগীদের দাপটের অভিযোগ এনে তিনি আরও জানান, সংগঠন করতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চারটি মামলার আসামি হয়েছেন এবং নিজের ক্যারিয়ারেরও ক্ষতি করেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ বলেন, মাঠপর্যায়ে ছাত্রদলের যেসব নেতাকর্মী দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করেছেন এবং নিজ উদ্যোগে ক্ষুদ্র ব্যবসা বা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তাঁদের প্রত্যাশা ছিল এই সরকারি ঋণ কর্মসূচির মাধ্যমে তাঁরা কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন। কিন্তু চূড়ান্ত তালিকায় বঞ্চিত ও ত্যাগী কর্মীদের নাম না আসায় তৃণমূল পর্যায়ে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সেই অভিমান থেকেই শামীম হোসেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মারুফ বিল্লাহ আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যে দেখা যাচ্ছে যে ঋণ কর্মসূচির চূড়ান্ত তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিবারের একাধিক ব্যক্তির নাম রয়েছে, যা স্থানীয়ভাবে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এমআই/