গাজীপুরে প্রাইভেটকারে আগুন, পুড়ে ছাই পেছনের অংশ
ছবি: সংগৃহীত
১২:৪০ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেটকার চালু করার সময় হঠাৎ পেছনের অংশে আগুন ধরে যায়। এতে গাড়িটির পেছনের অংশ পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার হাইটেক সিটির দ্বিতীয় গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাকিষবাতান এলাকা থেকে ওয়ালটনের এক কর্মকর্তাকে কারখানায় নামিয়ে দিয়ে খালি গাড়িটি হাইটেক সিটির দ্বিতীয় গেটের সামনে পার্কিং করেন চালক। পরে সড়কের বিপরীত পাশের একটি দোকানে চা পান শেষে গাড়িতে ফিরে সেটি চালু করার চেষ্টা করেন। এ সময় হঠাৎ গাড়ির পেছনের অংশে আগুন জ্বলে ওঠে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গাড়িটির পেছনের অংশ পুড়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গ্যাসের পাইপলাইনে লিকেজ অথবা গাড়ির বৈদ্যুতিক ওয়্যারিং থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।
এফআর/