আমার ফ্যানজগৎ নেই, আছে ভালোবাসার সাম্রাজ্য: শাহরুখ
ছবি: সংগৃহীত
০২:৫০ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
তিনি বলিউড বাদশা। বয়স ৬০ পেরলেও ভক্তদের সারপ্রাইজ দিতেও তার জুড়ি মেলা ভার! তবে কিং খান অনুরাগীদের সঙ্গে তার সম্পর্ককে শুধুমাত্র ‘ফ্যানডম’ বলে সম্বোধন করতে নারাজ।
বরং শাহরুখ খান বলছেন, আমার কোনও ফ্যানডম নেই, রয়েছে ভালোবাসার কিংডম।
শুক্রবার মেটার বিশেষ অনুষ্ঠান ‘হাউস অফ ইনস্টাগ্রাম’-এ নিজের আসন্ন সিনেমা ‘কিং’য়ের গান ‘ড্যাডি কুল’ প্রকাশ করতে এসেই ভক্তদের ভালোবাসায় ভরিয়ে দিলেন সুপারস্টার।
সেখানেই শাহরুখকে প্রশ্ন ছোড়া হয়, বিশ্বজুড়ে এত অনুরাগী এবং এই ফ্যানডম (ভক্তজগৎ) সম্পর্কে কী ভাবনা আপনার? তার উত্তরেই খানিক রসিকতার ছলে নিজের অনুভূতি ব্যক্ত করেন কিং খান।
বাদশার মন্তব্য, আমি জানি, কোনও মা চাইবেন তার ছেলে আমার মতো হোক, কোনও বাবা চাইবেন তার ছেলে আমার মতো হোক।
একজন পুরুষ চাইবেন আমার মতো ভাই পেতে। আর কোনও মেয়ে চাইবেন আমার মতো স্বামী পেতে, যদিও শেষের বিষয়টা খুব একটা ভালো নয়!
এরপরই শাহরুখ জানান, ছোট-বড়, সব বয়সের মানুষের সঙ্গেই তার এক অদ্ভুত আত্মিক সম্পর্ক রয়েছে।
কীরকম? ব্যাখ্যা দিতে গিয়ে বাদশা বলেন, আমি অত্যন্ত ভাগ্যবান এবং এই সৌভাগ্যের মূল্য আমি খুব অচিরেই বুঝতে পেরেছিলাম। তবে এটা শুধু আমার প্রতিভা কিংবা কঠোর পরিশ্রমের ফল নয়। বরং লোকজনের সঙ্গে আমার যে এই আত্মিক সম্পর্ক, তার প্রতিদান আমাকে দিয়ে যেতে হবে। এই ভালোবাসার জন্য কৃতজ্ঞ থাকতে হবে, তাদের ধন্যবাদ জানাতে হবে। তাই আমি কখনও ‘আমার ফ্যানডম রয়েছে’- এই কথাটা বলতে পছন্দ করি না। আমি সত্যিই বিশ্বাস করি, আমার এক ভালোবাসার সাম্রাজ্য রয়েছে। আর সেই কারণেই হয়তো আমাকে ‘কিং’ বলা হয়।
পাশাপাশি জীবনদর্শন নিয়ে শাহরুখ খানের পরামর্শ, জীবনে মন ভাঙা খুব জরুরি। কারণ সেটা এগোতে সাহায্য করে। মন ভাঙলেই মানুষ শেখে, অন্যদেরও শেখায় কীভাবে ভালোবাসতে হয়। হৃদয়ভঙ্গ হলে মানুষ পাওয়ার থেকে বিলিয়ে দেওয়ার কথা বেশি ভাবে। আর যখনই আপনি দেওয়ার মানসিকতা রাখেন, তখনই সবার থেকে আলাদা হয়ে ওঠেন।
কেএন/