ইসির মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন : কাদের সিদ্দিকী
ছবি: সংগৃহীত
০৬:০৮ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্রে ভোটাররা যে ভোট দেন, অনেক ক্ষেত্রে ভোটের বাক্সের ফলাফল এবং ঘোষিত ফলাফলের মধ্যে পার্থক্য দেখা যায়। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন কমিশনকে অত্যন্ত দৃঢ় অবস্থান নিতে হবে।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে ইসি আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সংলাপে নির্বাচনী ব্যয় ও প্রার্থীদের জামানতের বিষয়টি তুলে ধরে কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ অনেক বেশি নির্ধারণ করা হয়েছে। এমনকি জামানত এক হাজার টাকা হলেও তেমন কোনো ক্ষতি হতো না বলে তিনি মনে করেন এবং বিষয়টি নির্বাচন কমিশনকে বিবেচনা করার অনুরোধ জানান। পাশাপাশি ভোটার তালিকা ও সিডি প্রিন্ট করার ব্যয় বহন করা অনেক প্রার্থীর জন্য কষ্টকর উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন চাইলে প্রার্থীদের জন্য ভোটার তালিকা ছাপিয়ে দিতে পারে, এতে বিশেষ করে স্বল্প অর্থসম্পদের প্রার্থীরা উপকৃত হবেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতার বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে স্কুল-কলেজের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া উচিত নয়; বরং মানবিক শিক্ষা, নৈতিকতা ও মানবিক গুণাবলিকে গুরুত্ব দিতে হবে। শিক্ষিত নাগরিক এবং গ্রামের স্বল্পশিক্ষিত মানুষের নাগরিক অধিকার সমান উল্লেখ করে তিনি বলেন, জ্ঞান, ভালো মানুষ হওয়া এবং নৈতিকতার কারণেই একজন মানুষের মূল্যায়ন বেশি হওয়া উচিত।
অতীতের নির্বাচনের অভিজ্ঞতা টেনে এনে কাদের সিদ্দিকী বলেন, ১৯৯৯ সালে তার একটি উপনির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব বিস্তার করেছিলেন। সে সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আবু হেনা দায়িত্বে ছিলেন এবং ভোট কারচুপির অভিযোগের পরও সেই ফলাফল ঘোষণা না করে দীর্ঘদিন বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছিল। বাংলাদেশের জন্ম নির্বাচনের মধ্য দিয়ে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানি শাসকগোষ্ঠী জনগণের রায় মেনে নিলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হতো না। তাই ভোটের অধিকার ও নির্বাচনের গুরুত্ব অনুধাবন করে কমিশনকে দায়িত্ব পালন করতে হবে।
রাজনীতিতে সহনশীলতা ও বিরোধী মতের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ক্ষমতায় গেলে সবার আগে বিরোধীদের সম্মান করতে হবে এবং তাদের জীবন, মান-সম্মান, সম্পদ ও সন্তান-সন্ততির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মতের বিরোধ হলেই কারও জীবন বা সম্পদের ওপর আঘাত করা উচিত নয়। এ ছাড়া নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে অনেক সময় প্রতিকার পাওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন কমিশনের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেন এবং অভিযোগ জানালে দ্রুত সাড়া ও প্রতিকার পান, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এমআর/