বিরোধীদলীয় নেতাজুলাই সনদ ও গণভোটের রায় মানলে জাতীয় ঐক্যের জন্য আলাদা সভা লাগবে না
ছবি: সংগৃহীত
০২:২৭ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা ছাড়া দেশে জাতীয় ঐক্য সম্ভব নয়। সরকার জাতীয় ঐক্যের কথা বললেও জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে সেই ঐক্যের পরিবেশ নষ্ট করছে। এই দুটি বিষয় মেনে নিলে জাতীয় ঐক্যের জন্য আলাদা কোনো সভা বা বৈঠকের প্রয়োজন হবে না।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির, প্রখ্যাত আলেম ও প্রবীণ রাজনীতিবিদ আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, আমার সঙ্গে প্রধানমন্ত্রীর ১৫ মিনিটের কথা হয়েছে। বিগত অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। আমি গিয়েছিলাম। আমি তাকে পরিষ্কার বলেছি, আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, আমরা তো জাতীয় ঐক্যের পক্ষেই আছি। জাতীয় ঐক্যের জায়গাটা আপনারাই নষ্ট করেছেন। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, আপনারা গণরায় তথা গণভোটের রায় বাস্তবায়ন করবেন না। এই দুই জায়গা ছাড়া কখনো এ দেশে জাতীয় ঐক্য হবে না।
তিনি বলেন, এই দুটি মেনে নেন। জাতীয় ঐক্যের জন্য কোনো সভা বা বৈঠকের প্রয়োজন হয় না। ফ্যাসিবাদ অথবা যেকোনো অপশক্তি মাথা তুলে দাঁড়াতে চাইলে এই পক্ষই তাদের মোকাবিলা করবে একসঙ্গে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত পরিবর্তনের কোনো লক্ষণ দেখছি না। বরঞ্চ প্রশাসনের সব স্তরে অযোগ্য লোকদের বসিয়ে দেওয়া হচ্ছে। তারা শুধু অযোগ্য নন, ভয়াবহ দুর্নীতিবাজ। অথচ আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত বাংলাদেশ। এখন সেই দুর্নীতি ও বৈষম্যের ছয়লাবে ভেসে যাচ্ছে আমাদের দেশ।
ডা. শফিকুর রহমান বলেন, এ দেশের বিশিষ্ট আলেমে দ্বীন ও বিচক্ষণ রাজনীতিবিদ বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস, শাইখুল হাদিস ইবনে শায়েখুল হাদিস আল্লামা হক বক্তব্য রেখেছেন। তার বক্তব্যের শেষ পর্যায়ে পতিত ফ্যাসিস্ট তৎকালীন প্রধানমন্ত্রীর নাম এসেছে। এটা অনেকটা অবচেতনভাবেই এসেছে। কিন্তু এটাই বাস্তবতা। কেন বাস্তবতা? এই জাতিকে তিনি এত কষ্ট দিয়েছেন যে তাকে সহজেই ভোলা যায় না।
তিনি বলেন, শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ কেউ তার জুলুমের হাত থেকে বাদ যায়নি। আমাদের সামনে আজকে যারা এই কর্মসূচি কাভার করতে এসেছেন, সেই সাংবাদিকদের ওপরও তাণ্ডব চালানো হয়েছে। এমনকি কাউকে কাউকে ধরে নিয়ে নির্যাতন করে সীমান্তের ওপারে ফেলে দেওয়া হয়েছে। তাকে ভুলবেন কীভাবে? মানুষ দুইভাবে মানুষের স্মরণে থাকে। একটা শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে, আরেকটা ঘৃণা দিয়ে। তিনি কোন পর্যায়ে আছেন, তা সারা জাতি জানে।
আল্লামা সরওয়ার কামাল আজিজীর স্মৃতিচারণ করে জামায়াত আমির বলেন, এ আলোচনা শুরুর আগে মরহুম আমিরের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার জীবনের সব নেক খেদমত কবুল করে নিন। ইলমের জগতে তিনি ছিলেন এক দিকপাল, এক বিশাল তারকা। আজীবন তিনি ইলমে দ্বিনের নূর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি হাজারো ওস্তাদের ওস্তাদ ছিলেন।
বর্তমান সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, আজকের বাংলাদেশ ভালো নেই। কার কারণে ভালো নেই, এটা সবার সামনে পরিষ্কার। বর্তমান সরকার সাড়ে ১৫ বছর আমাদের সবার মতো তারাও ছিলেন মজলুম। কিন্তু পাঁচ তারিখের পর থেকেই তারা সমস্ত কিছু ভুলে গেছে। অনেকে মনে করতে পারেন, ক্ষমতা হাতে নেওয়ার পরে বোধ হয় তারা ভুলে গেছেন। না, তারা ছয় তারিখ থেকেই ভুলে গেছেন। ছয় তারিখ থেকেই তারা আওয়ামী স্টাইলে এ দেশের মানুষের ওপর জুলুম শুরু করেছেন।
তিনি বলেন, ব্যাপক চাঁদাবাজি, দখলবাণিজ্য, দুর্নীতি, কমিশন বসানো এবং রাজনৈতিক চালের মাধ্যমে এই জাতিকে তারা কষ্ট দিয়ে যাচ্ছেন। ইতিহাসের পাতায় পাতায় জাতির সঙ্গে তাদের আচরণ পাঁচ তারিখের পর থেকে খুবই বেদনাদায়ক। এ কাহিনি বলতে গেলে দীর্ঘ সময় লাগবে। আমি সেদিকে যাচ্ছি না। মোটা দাগে খোলা চোখে যেভাবেই হোক, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, আজকের প্রধানমন্ত্রী, তখনকার বিএনপি প্রধান তারেক রহমান সাহেব হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়ে অন্তত এই আন্দোলনের আইকন আবু সাঈদের জন্মস্থানে গিয়ে বলেছিলেন, আপনারা হ্যাঁ ভোট দেবেন।
তিনি আরও বলেন, কিন্তু তার পাশে যিনি বসে এখন সংসদের সব দায়িত্ব নিয়ে কথা বলেন, তিনি কী চমৎকার! প্রথমে একদিন বলে উঠলেন, এই জুলাই অন্তহীন প্রতারণার দলিল। আমরা জিজ্ঞেস করেছিলাম, কে প্রতারণা করেছে দলিলের সঙ্গে? এর কোনো জবাব পাইনি। কিন্তু এরপরই আমরা দেখলাম, এই একই ব্যক্তি সংসদে দাঁড়িয়ে বললেন, আমরা সেদিন অনেক কিছু মেনে নিয়েছি, যদি এরা নির্বাচনটা বিলম্বিত করে ফেলে। তার মানে জাতির সঙ্গে সত্যিকার অর্থে তারা অন্তহীন প্রতারণা করেছেন।
আইনমন্ত্রীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের পক্ষে কথা বলার জন্য আইনমন্ত্রী আছেন। আলহামদুলিল্লাহ, তিনি সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এটা বিএনপির ব্যাপার, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে, সবকটি মন্ত্রণালয়ের ব্যাপারে তিনি বিশেষজ্ঞ মতামত দেন। কিন্তু তার যে মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়ের ওপর মানুষের জীবন, সম্পদ ও ইজ্জতের নিরাপত্তা নির্ভরশীল, সেই জায়গায় তাঁর অবস্থান কী?
তিনি বলেন, তিনি কোনো কিছুই পারছেন না, কোনো কিছুতেই তার সফলতা জনগণ দেখতে পাচ্ছে না। সামান্য আত্মসম্মানবোধসম্পন্ন মানুষ এত ব্যর্থতার পর এই জায়গায় আর থাকতে পারেন না। নিজে থেকেই সরে যেতেন। কিন্তু অজানা কারণে দাঁত কামড়ে পড়ে আছেন। আর তিলে তিলে বাংলাদেশটাকে তিনি শেষ করে দিচ্ছেন।
জামায়াত আমির বলেন, আমাদের দলীয় এবং জোটগত কোনো দাবি নেই। আমাদের সাত দফা দাবি প্রত্যেকটি জনগণের দাবি। ৭০ ভাগ জনগণ হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছেন। নির্বাচনের আগে তারাও বলেছেন, আমরাও বলেছি, হ্যাঁ ভোট বিজয়ী হলে আমরা তার পুরোটাই বাস্তবায়ন করব।
তিনি বলেন, জুলাই সনদের জায়গাগুলোতে তারা মতলবি সিদ্ধান্ত দিয়েছেন। ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানোর জন্য যে ধারাগুলো থাকা দরকার, সেগুলো তারা রাখতে চান। যেগুলো থাকলে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো যাবে না, সেসব জায়গায় তারা ভিন্নমত দিয়েছেন।
নিজেদের অবস্থান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের জবাব খুবই স্পষ্ট। আমরা এগুলো মেনে নেব না। এর বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে আমাদের লড়াই চলবে সমানতালে। কিন্তু কোনো সময় যদি মনে হয়, এই সংসদ একেবারেই অকার্যকর, অপ্রয়োজনীয় এবং জাতির বোঝা, সেই সংসদে আমরা থাকব না।
তিনি বলেন, আমরা জ্বালাপোড়ার আন্দোলনে বিশ্বাস করি না, ধ্বংসের আন্দোলনে বিশ্বাস করি না। কিন্তু যারা জ্বালাপোড়া ও ধ্বংসের আন্দোলন করছে, তাদের সঙ্গে আপনাদের আঁতাত আছে কি না, সে বিষয়ে স্পষ্টভাবে আগে আপনাদের অবস্থান জানাতে হবে।
তিনি আরও বলেন, প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন, তাদের কিছু নেতাকে বহিষ্কার করা হচ্ছে, শোকজ করা হচ্ছে। কেন? স্বৈরাচারের দোসরদের সঙ্গে তারা যোগাযোগ রাখেন, তাদের সঙ্গে বেনিফিট দেন, তাদের আশ্রয় দেন। আশ্রয় দেন, তাদের সঙ্গে নিয়ে দলীয় অফিস উৎপাদন, তাদের সম্পদ এবং তাদের ব্যবসার ভাগবাঁটোয়ারা করেন। এই দ্বিমুখী নীতি থেকে সরকার যদি বের হয়ে না আসে, তাহলে কিসের ঐক্য?
এফআর/