© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের চাকায় ধোয়া, ফ্লাইট বাতিল

শেয়ার করুন:
উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের চাকায় ধোয়া, ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৫ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
ঢাকা বিমানবন্দরে উড্ডয়নের আগেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা ফ্লাইটের চাকায় ধোয়া দেখা গেছে। এতে ফ্লাইটটির যাত্রা বাতিল করে চার শতাধিক যাত্রীকে নিরাপদে নামিয়ে টার্মিনালে নেয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রানওয়েতে উড়োজাহাজটির জরুরি বহির্গমন স্লাইড (ইমার্জেন্সি স্লাইড) দিয়ে যাত্রীদের দ্রুত নিচে নামিয়ে আনা হচ্ছে। এসময় যাত্রীদের অনেককেই সাদা এহরামের কাপড় পরিহিত অবস্থায় স্লাইড দিয়ে নামতে দেখা যায়।

নিচে অবস্থানরত বিমানবন্দরের নিরাপত্তা সদস্য ও এয়ারলাইন্সকর্মীরা যাত্রীদের নিরাপদে নামতে সহায়তা করেন এবং দ্রুত উড়োজাহাজ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। রানওয়ের পাশে অনেক যাত্রীকে জড়ো হয়ে থাকতে দেখা যায়। পরে এয়ারলাইন্সের বাসে করে তাদের টার্মিনালে নিয়ে যাওয়া হয়।

ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি ও সদস্যরা রানওয়েতে পৌঁছে উড়োজাহাজের চাকা লক্ষ্য করে পানি ছিটাচ্ছেন। এসময় চাকা থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

এদিকে, এ ঘটনায় উড়োজাহাজে আগুন লাগার বিষয়টি নাকচ করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. কামরুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রার পূর্ব মুহূর্তে ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসে। তাৎক্ষণিকভাবে পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন, যা এভিয়েশন খাতে একটি স্বাভাবিক ঘটনা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করায় রানওয়ে ও চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গেয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। সব প্রক্রিয়া মেনে উড়োজাহাজটি পার্কিং এরিয়ায় এনে যাত্রীদের দ্রুত নামানো হয়। সব যাত্রী নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যে আরেকটি উড়োজাহাজ তাদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে। এ ঘটনায় বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।


আরআই/

মন্তব্য করুন