© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলে আইনি নোটিশ

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২০ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
সরকারি ব্যয় সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরের খাবার ও বিকালের নাশতার জন্য নির্ধারিত সম্মিলিত ১৫০ টাকার ব্যবস্থা বাতিলের দাবি উঠেছে। এ ব্যবস্থা বাতিল করে পুষ্টিকর খাবারের বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়ানো অথবা বাসা থেকে খাবার আনার নির্দেশনা জারির দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

রোববার (২৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ আইনি নোটিশ পাঠান। নোটিশে এ বিষয়ে ব্যবস্থা নিতে ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।

রেজিস্টার্ড ডাকযোগে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।

সরকারি ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরের খাবার ও বিকালের নাশতার সম্মিলিত বাজেট ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত খাবারের তালিকায় রয়েছে ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম রান্না, ডাল ও দই। এ উদ্যোগের ফলে সংশ্লিষ্ট খাতে উল্লেখযোগ্য পরিমাণ ব্যয় কমেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

চলতি বছরের এপ্রিলে সরকারের এ উদ্যোগ প্রথম সামনে আসে। এরপর থেকে বিষয়টি আলোচনায় ছিল। এবার খাবারের মেন্যু ও বাজেট বাতিলের দাবিতে আইনি নোটিশ পাঠানোর ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক ও মানসিক সুস্থতার স্বার্থে দুপুরের খাবার ও বিকালের নাশতার জন্য নির্ধারিত সম্মিলিত ১৫০ টাকার অভিন্ন ব্যবস্থা বাতিল করা প্রয়োজন। একই সঙ্গে তাঁদের পুষ্টিকর খাবারের বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়ানো অথবা বাসা থেকে খাবার আনার নির্দেশনা দেওয়ার দাবি জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তাঁর ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সম্মিলিত ১৫০ টাকায় দুপুরের খাবার ও বিকালের নাশতা গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন থাকবেন।

যদিও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আমলা, প্রশাসনিক কর্মকর্তা ও নীতিনির্ধারকেরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন; বরং তাঁরা প্রজাতন্ত্রের পেশাদার কর্মচারী। ঢাকার বর্তমান বাজারদর ও মুদ্রাস্ফীতির বাস্তবতায় মাত্র ১৫০ টাকায় দুপুরের মূল খাবার ও বিকালের নাশতা মিলিয়ে সুষম পুষ্টি, পর্যাপ্ত আমিষ, ভিটামিন ও ক্যালরিযুক্ত খাবার পাওয়া অসম্ভব বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্রের কর্মকর্তাদের পর্যাপ্ত পুষ্টি থেকে বঞ্চিত রাখা হলে তাঁদের মধ্যে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ তৈরি হতে পারে। এর ফলে দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ জাতীয় নীতি প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরআই/

মন্তব্য করুন