এক ডলারে ৩০ লাখ রিয়াল, ইরানি মুদ্রার রেকর্ড দরপতন
ছবি: সংগৃহীত
১২:৫৯ এএম | ৩০ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রভাব এবং দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের দরপতন অব্যাহত রয়েছে। দেশটির খোলাবাজারে প্রতি ডলারের দাম ৩০ লাখ রিয়াল ছাড়িয়েছে। এতে নতুন করে চাপে পড়েছে দেশটির সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক বছর আগে তেহরানের খোলাবাজারে প্রতি ডলারের দাম ছিল প্রায় ১১ লাখ ৫০ হাজার রিয়াল। গত সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় ২৬ লাখে। অথচ ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে সরে যাওয়ার আগে ডলারের দাম ছিল ৪০ হাজার রিয়ালেরও কম।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং দেশটির নেতাদের প্রাণহানি ঘটে। এর পাশাপাশি ইরানের তেল রপ্তানি বন্ধ করতে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে অবরোধ এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আবদোলনাসের হেম্মতি স্বীকার করেছেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে মুদ্রাবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বাজারে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা চলছে বলে জানান তিনি।
তেহরানের অর্থনৈতিক বিশ্লেষক আশকান বাহরামির মতে, যুদ্ধ ও নিষেধাজ্ঞার পাশাপাশি অতিরিক্ত মুদ্রা ছাপানো, বাজেট ঘাটতি, দুর্নীতি ও অব্যবস্থাপনাও রিয়ালের দরপতনের জন্য দায়ী। অক্টোবরে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৮৮ দশমিক ৭ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছাড়িয়েছে ১১৩ শতাংশ।
বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি চলতে থাকলে আগামী মার্চ ২০২৭ সালের মধ্যে প্রতি ডলারের দাম ৪০ লাখ রিয়ালে পৌঁছাতে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। সূত্র: আল জাজিরা
একেএস