রায়হান হত্যাকাণ্ড : আদালতে জবানবন্দি দিলেন তিন কনস্টেবল
ফাইল ছবি
সিলেটে ঘুষ না দেয়ায় পুলিশী নির্যাতনে যুবক রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিন পুলিশ কনস্টেবল। নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে নির্যাতন করে হত্যার অভিযোগে মামলা হয়েছে।
সোমবার বিকেলে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তিন সদস্য। তারা হলেন- কনস্টেবল দেলোয়ার, সাইদুর ও শামীম।
চাঞ্চল্যকর এ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রত্যক্ষদর্শী হিসেবে তিন পুলিশ কনস্টেবল জবানবন্দি দিয়েছেন। তারা আদালতে কী বলেছেন, সেটা আমার জানা নেই।
এর আগে গত ১১ অক্টোবর (শনিবার) ভোরে সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪)। পরদিন সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পুলিশ হেফাজতে নির্যাতন ও থানা হেফাজতে মৃত্যুর অভিযোগে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।
মামলার পর পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। পরে তদন্ত কমিটি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিুট চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করে।
সুপারিশ অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করে সিলেট মহানগর পুলিশ।
টাইমস/এসএন