দেশের মাটিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন পি কে হালদার
ফাইল ছবি
অর্থপাচার মামলার আলোচিত আসামি পি কে হালদারকে (প্রশান্ত কুমার হালদার) দেশে আসা মাত্রই গ্রেপ্তার করা হবে। প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা বিদেশে পাচারের মামলায় পি কে হালদার বিদেশে পালিয়ে গিয়েছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরার জন্য আবেদন করেন তিনি।
কিন্তু বিদেশ থেকে দেশে প্রবেশ করা মাত্রই পি কে হালদারকে গ্রেপ্তার করার নির্দেশ দেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সেই সঙ্গে পি কে হালদার যেন ‘নিরাপদে’ দেশে ফিরে আত্মসমর্পণ করতে পারেন, সেজন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনকে নির্দেশন দেন হাইকোর্ট।
এর আগে গত সোমবার পি কে হালদার বিদেশ থেকে দেশে ফিরতে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে আবেদন করেন। তার পক্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এ আবেদন করেন। তবে দেশে ফিরে নিরাপত্তার স্বার্থে আদালতের হেফাজতে যেতে চান পি কে হালদার।
এছাড়া ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের (আইএলএফএসএল) বিনিয়োগকারীদের অর্থ পরিশোধের বিষয়েও আলোচনা করবেন বলেও আবেদনে উল্লেখ করেছেন পি কে হালদার।
আইএলএফএসএল-এর পক্ষ থেকে হাইকোর্টে করা আবেদনে বলা হয়েছে, আগামী ২৫ অক্টোবর দুবাই থেকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসবেন পি কে হালদার। এরই মধ্যে তিনি টিকিটও কেটেছেন। ওই দিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
পি কে হালদারের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশনায় বলেছেন, পি কে হালদার যদি দেশে আসেন, তাহলে এই কোম্পানি ম্যাটারটা নিষ্পত্তি করা যাবে। সেটা নিষ্পত্তি করার জন্য এই কোর্ট দেখতে চায় যে, তিনি (পি কে হালদার) বিমানযোগে দেশে পা রাখা মাত্রই তাকে যেন গ্রেপ্তার করা হয়। তাকে আইন শৃঙ্খলাবাহিনীর হেফাজতে নিতে হবে।
এর আগে ১৯ জানুয়ারি প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা পাচার করার ঘটনায় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ১৩ পরিচালকের সব সম্পদ, ব্যাংক হিসাব জব্দ ও পাসপোর্ট জব্দ করার নির্দেশ দেন হাইকোর্ট।
একই সঙ্গে পি কে হালদারের মা, স্ত্রী, ভাইসহ ২০ জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দসহ সব সম্পদ ক্রোক করার নির্দেশ দেন আদালত।
প্রসঙ্গত, বহুল আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ওই দুটি প্রতিষ্ঠানসহ বিভিন্ন কাগুজে প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আত্মসাৎ করেছেন।
টাইমস/এসএন