সাংবাদিক রুহুল আমিন গাজী কারাগারে
ফাইল ছবি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমীন গাজীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন। রাজধানীর হাতিলঝিল থানার আদালত কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
হাতিরঝিল থানার একটি সূত্র জানিয়েছে, রুহুল আমীন গাজীর বিরুদ্ধে হাতিরঝিল থানার প্রসিকিউশন মামলায় (জিডি) গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই মামলায় তিনি আজ আদালতে হাজিরা দিতে এসেছিলেন। কিন্তু মামলার শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার (২১ অক্টোবর) মগবাজার এলাকার দৈনিক সংগ্রামের অফিস থেকে রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, রুহুল আমীন গাজীর বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ পরিবেশন করে। ওই ঘটনায় গত বছরের ১৩ ডিসেম্বর বিকাল থেকে দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
এর একদিন পর দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ ও চিফ রিপোর্টার রুহুল আমীন গাজীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।
টাইমস/এসএন