ইসরাইলকে স্বীকৃতি দেবে সৌদিসহ আরও ৫ দেশ
এবার সৌদি আরবসহ আরও পাঁচটি দেশ ইহুদিরাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইসরাইল-সুদান শান্তিচুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প এ কথা জানান।
বিবিসি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার নানা উদ্যোগ নিয়েছেন। প্রথমে তেলআবিব থেকে ইসরাইলের রাজধানী জেরুজালেমে স্থানান্তরের বিষয়কে স্বীকৃতি দেয় ট্রাম্প। এরপর জেরুজালেমকে কেন্দ্র করে ইসরাইলের শক্তি বৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের ইহুদিরাষ্ট্রটির অবস্থান স্থায়ী করতে একের পর এক উদ্যোগ নিতে থাকে যুক্তরাষ্ট্র।
বিশেষ করে ইসরাইলের প্রতিবেশী ও মুসলিম রাষ্ট্রগুলোকে টার্গেট করে কাজ শুরু করে ট্রাম্প প্রশাসন। একেক দেশকে একেক রকম ভাবে চাপ প্রয়োগ ও প্রলোভন দেখিয়ে ইসরাইলের পক্ষে স্বীকৃতি আদায়ে কাজ করছে যুক্তরাষ্ট্র।

গত ১৫ সেপ্টেম্বর প্রথম আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। তারপর থেকেই মূলত সুদানকে সময়ে সময়ে চাপ দিয়ে আসছিল আমেরিকা।
ইসরাইলকে স্বীকৃতি দিলে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সুদানকে বাদ দেয়ার টোপও দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু এতোদিন সুদান যুক্তরাষ্ট্রের টোপের বিরুদ্ধে কথা বললেও হঠাৎ করেই ইসরাইলকে স্বীকৃতি দিয়ে বসেছে দেশটি।
ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ বিদ্রোহে সুদানের অর্থনীতির ভঙ্গুর অবস্থাকে দুর করতেই সুদান সরকার যুক্তরাষ্ট্রের কথা মতো ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ৯ দিন আগে ইসরাইলের জন্য সুদানের স্বীকৃতি অর্জনকে ট্রাম্পের সফলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার জন্য এধরণের কাজ শেষ বেলায় এসে সম্পন্ন করছেন। আর এটা স্পষ্ট যে, ইসরাইলপন্থী প্রতিষ্ঠান, ব্যক্তি ও ভোটারদের সমর্থন পেতেই ট্রাম্প এক নতুন কূটনৈতিক খেলায় মজেছেন।
টাইমস/এসএন