ফ্রান্সের প্রেসিডেন্টের মানসিক চিকিৎসা দরকার : এরদোগান
ছবি- সংগৃহিত
মুসলমানদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ভাবে বিদ্বেষমূলক বক্তব্য দেয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রোকে ‘মানসিক রোগী’ আখ্যা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেছেন, ম্যাঁক্রোর মানসিক চিকিৎসা প্রয়োজন।
শনিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে এরদোগান এ মন্তব্য করেন।
আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি জানিয়েছেন, মুসলমানদের প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সাম্প্রতিক মনোভাবে বেশ ক্ষুব্ধ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
ম্যাঁক্রোকে ইঙ্গিত করে এরদোগান টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে বলেছেন, ‘এমন একজন রাষ্ট্রপ্রধানের বিষয়ে কী বলতে পারেন, যিনি কিনা ভিন্ন ধর্মগোষ্ঠীর লাখ লাখ মানুষের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছেন। আমি মনেকরি, প্রথমত তার মানসিক পরীক্ষা করা দরকার।’
এএফপি বলছে, ইমান্যুয়েল ম্যাঁক্রো ফ্রান্সের মসজিদগুলোতে বিদেশী অর্থ সহায়তা বন্ধের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। আগামী ডিসেম্বর নাগাদ ফরাসী প্রেসিডেন্ট এ বিষয়ে নিষেধাজ্ঞা আনতে পার্লামেন্টে বিল উত্থাপন করে চেয়েছিলেন।
এ নিয়ে তুরস্কের সঙ্গে ফ্রান্সের দুরত্ব বেড়ে যায়। কারণ ফ্রান্সের অধিকাংশ মসজিদে অর্থ সহায়তা দিয়ে থাকে তুরস্ক। কাজেই ম্যাঁক্রোর এ উদ্যোগকে তুরস্ক প্রথম থেকেই নিরুৎসাহিত করে আসছে।
এদিকে সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘ধর্ম হিসেবে ইসলাম আজ বিশ্বজুড়ে সংকটে রয়েছে। শুধুমাত্র যে আমাদের দেশেই তারা সংকটে, তা কিন্তু নয়। তবে আমরা কোনোভাবেই ফ্রান্সের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিতে কাউকে আঘাত হানতে দেব না। দেশের শিক্ষাব্যবস্থা ও পাবলিক সেক্টর থেকে ধর্মকে সরিয়ে দেয়া হবে। বিদেশী সহায়তায় পরিচালিত প্রতিষ্ঠানেও ধর্মীয় শিক্ষা দেয়া চলবে না।’
ম্যাঁক্রোর এই বক্তব্যের পরেই মুসলিম দেশগুলো ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান ম্যাঁক্রোর বক্তব্যে সরাসরি প্রতিক্রিয়া দেখায়।
এরদোগান বলেন, ‘ইসলাম সংকটে রয়েছে বলে মাক্রোঁ যে শুধু ধর্মকে অশ্রদ্ধা করেছেন তাই নয়, তিনি উস্কানিও দিয়েছেন। মাক্রোঁ এসব কথা বলে তাঁর ধৃষ্টতা দেখিয়েছেন। ইসলামের কাঠামো নিয়ে কথা বলার তিনি কে?'
এরদোগানের এই বক্তব্যের পর ফ্রান্সের সঙ্গে তুরস্কের দুরত্ব বাড়তেই থাকে। ম্যাঁক্রোও হয়ে ওঠেন আরও প্রতিক্রিয়াশীল। সর্বশেষ ফ্রান্সের বিতর্কিত ব্যঙ্গাত্মক ম্যাগাজিন ‘শালিং এবদো’ মহানবী মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গ প্রতিবেদন প্রকাশ করে। আর তাতে সরাসরি রাষ্ট্রীয় ভাবে সমর্থন দেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এই সমর্থনের প্রসঙ্গেই ম্যাঁক্রোকে মানসিক সমস্যাগ্রস্থ বলেছেন এরদোগান।
টাইমস/এসএন