© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সালাম’ নিয়ে বিতর্কিত মন্তব্য : ঢাবি অধ্যাপক জিয়া রহমানের নামে দুই মামলা

শেয়ার করুন:
‘সালাম’ নিয়ে বিতর্কিত মন্তব্য : ঢাবি অধ্যাপক জিয়া রহমানের নামে দুই মামলা

ফাইল ছবি

own-reporter
০৪:১৯ পিএম | ২৫ অক্টোবর, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়েছে। ‘আসসালামু আলাইকুম’ ও ‘আল্লাহ হাফেজ’ বলাকে জঙ্গিবাদের চর্চা বলে মন্তব্য করার অভিযোগে মামলা দুটি হয়েছে। একটি টেলিভিশনের টকশো আলোচনা করতে গিয়ে তিনি বিতর্কিত এ মন্তব্য করেন।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলা দুটি করা হয়। মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসানের সম্পাদক মুহম্মদ মাহবুব আলম এবং ইমরুল হাসান নামে এক আইনজীবী পৃথক দুটি মামলা করেন। তবে আদালত এ বিষয়ে এখনও কোনো আদেশ দেননি।

এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ড. জিয়া রহমানকে তার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আল ইহসানের সম্পাদক মাহবুব আলমের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ শেখ ওমর শরীফ।

মামলার অভিযোগে বলা হয়েছে, ‘আসসালামু আলাইকুম’ বলা ও ‘আল্লাহ হাফেজ’ বলাকে গর্হিত, নিন্দনীয়, জঘন্য হিসেবে ব্যাখ্যা করেছেন অধ্যাপক জিয়া রহমান। এসবকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন ঢাবি অধ্যাপক।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ‘উপসংহার’ নামক টক শোতে ‘ধর্মের অপব্যাখ্যায় জঙ্গিবাদ’ বিষয়ক আলোচনায় মুসলিমদের শুদ্ধ উচ্চারণে ‘আসসালামু আলাইকুম’ বলা ও ‘আল্লাহ হাফেজ’ বলাকে গর্হিত, নিন্দনীয়, জঘন্য বলে ব্যাখ্যা করেন অধ্যাপক জিয়া রহমান।

জিয়া রহমানের এই বিতর্কিত আলোচনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুরু হয়েছে তীব্র সমালোচনা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন