© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরফান সেলিম ও তার বডিগার্ড রিমান্ডে

শেয়ার করুন:
ইরফান সেলিম ও তার বডিগার্ড রিমান্ডে
own-reporter
০৩:৩২ পিএম | ২৮ অক্টোবর, ২০২০

ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নৌবাহিনীর এক ক্যাপ্টেনকে মারধর ও হত্যার হুমকির মামলায় তাদের রিমান্ডের আবেদন করে পুলিশ। ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার (২৫ অক্টোবর) রাতে সংসদ সদস্য হাজী মো. সেলিমের ‘সংসদ সদস্য’ স্টিকার লাগানো সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খানকে মারধর করা হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে।

পরে রোববার রাতে এ ঘটনায় জিডি হলেও সোমবার ভোরে ইরফান সেলিম, তার দেহরক্ষী জাহিদ, এ বি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে ধানমন্ডি থানায় মামলা করেন ওয়াসিফ আহমদ খান।

ওই মামলায় সোমবার দুপুরে ইরফানকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে ইরফান সেলিমের বাসায় অভিযান চালিয়ে ৩৮টি ওয়াকিটকি, পাঁচটি ভিপিএস সেট, অবৈধ আগ্নেয়াস্ত্র, হ্যান্ডকাফ, একটি ড্রোন এবং সাত বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়।

বাসায় বিদেশি মদ ও অনুমোদনহীন ওয়াকিটকি রাখায় কাউন্সিলর ইরফান সেলিম ও তার বডিগার্ড জাহিদকে এক বছর করে কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন