© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ম্যাঁক্রোর হয়ে সাফাই গাইলেন আমিরাতের মন্ত্রী

শেয়ার করুন:
ম্যাঁক্রোর হয়ে সাফাই গাইলেন আমিরাতের মন্ত্রী
international-desk
০৬:২১ পিএম | ০৩ নভেম্বর, ২০২০

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের ঘটনায় ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। মুসলিম দেশগুলোতে চলছে ফ্রান্স বিরোধী আন্দোলন। শুরু হয়েছে ফরাসি পণ্য বয়কটের আন্দোলন। সেই সঙ্গে সরকারি ভাবে ব্যঙ্গাত্মক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়ায় দেশটির প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রোর বিরুদ্ধেও ক্ষুব্ধ বিশ্ব মুসলিম সমাজ।

এমন পরিস্থিতির মাঝেই এবার ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রোর পক্ষে সাফাই গাইলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাস। ম্যাঁক্রো এবং ফ্রান্সের ব্যাপারে আনোয়ার গারগাসের অবস্থানকে আমিরাত সরকারের অবস্থান হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। আল জাজিরার খবর

জার্মান ভিত্তিক ডাই ওয়েল্ট দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে আনোয়ার গারগাস বলেছেন, ফরাসি প্রেসিডেন্টের বক্তব্য মুসলমানদের মনোযোগ দিয়ে শোনা উচিত। বুঝা উচিত, ম্যাঁক্রো আসলে কী বুঝাতে চেয়েছেন। তিনি (ম্যাঁক্রো) কিন্তু পশ্চিমা জগত ও বৈশ্বিক উন্নয়ন থেকে মুসলিমদের বাদ রাখার কথা বলেননি। গুটি কয়েক উগ্র মুসলিম সম্প্রদায় মুসলমানদের জন্য হুমকি, এটাই ম্যাঁক্রো বুঝিয়েছেন।

সোমবার দেয়া ওই সাক্ষাৎকারে আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ম্যাঁক্রো ভালোভাবে মুসলমানদের একীভূত করতে চেয়েছেন। তিনি মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করতে চাননি। আমাদের মনে রাখতে হবে, উগ্রপন্থা ইসলামের দর্শন নয়।

প্রসঙ্গত, আমিরাত সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্টকে এমন ভাবে সমর্থন দেয়ায় এ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অধিকাংশ মুসলিমদেশ ও মুসলিম নেতারা মনে করছেন, মার্কিন সরকার ও ম্যাঁক্রোর ইশারায় কথা বলেছেন আমিরাত সরকারের মূখপাত্র। কারণ আল জাজিরায় দেয়া সর্বশেষ সাক্ষাৎকারেও মুসলমানদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন ইমান্যুয়েল ম্যাঁক্রো।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন